জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা, বেঞ্চে মেসি

এশিয়া পোস্ট স্পোর্টস
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা, বেঞ্চে মেসি
বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় রোটেশন নিয়ে নামছে আর্জেন্টিনা। আগেই গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাওয়ায় নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দিচ্ছেন লিওনেল স্কালোনি। সবচেয়ে বড় খবর, লিওনেল মেসি শুরু করছেন বেঞ্চে।

Advertisement

বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলের হিসাবে ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুব গুরুত্বপূর্ণ নয়। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে তারা আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে।

এই অবস্থায় স্কোয়াডের অন্য খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন স্কালোনি। গোলপোস্টে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণের ডান পাশে জুলিয়ানো সিমিওনে, সেন্টারব্যাকে নিকোলাস ওতামেন্দির সঙ্গে মার্কোস সেনেসি এবং বাঁ পাশে নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে থাকছেন এক্সেকিয়েল পালাসিওস ও জিওভানি লো সেলসো। সৃজনশীল ভূমিকায় থাকবেন নিকো পাজ। আক্রমণে জুলিয়ান আলভারেজের সঙ্গে শুরু করছেন লাউতারো মার্তিনেজ।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ; জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

কোচ: লিওনেল স্কালোনি।

প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার পাঁচ গোলের সবকটিই করেছেন মেসি। তাই নকআউটের আগে তাঁকে শুরু থেকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। তবে পুরো বিশ্রামে থাকছেন না অধিনায়ক। ম্যাচের কোনো এক পর্যায়ে তাঁকে মাঠে দেখা যেতে পারে।

আর্জেন্টিনার সামনে শেষ ৩২-এ প্রতিপক্ষ কেপ ভার্দে। সেই ম্যাচের আগে মূল খেলোয়াড়দের সতেজ রাখা এবং যারা এখনো বেশি সুযোগ পাননি, তাদের ম্যাচ মিনিট দেওয়া, দুই লক্ষ্য নিয়েই জর্ডানের বিপক্ষে দল সাজিয়েছেন স্কালোনি।

জর্ডান আগেই বিদায় নিয়েছে। তাই ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছন্দ ধরে রাখা, বিকল্প শক্তি পরীক্ষা এবং নকআউটের আগে স্কোয়াডকে আরও প্রস্তুত করার সুযোগ। মেসি বেঞ্চে থাকলেও চোখ থাকবে তাঁর দিকেই। কারণ এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার গোলের গল্প মানেই মেসি।