স্পেনের কাছে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ দেশমের

স্পেনের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তবে পরাজয়ের দায় রেফারির ওপর চাপাননি তিনি। দেশমের স্বীকারোক্তি, টেকনিক্যাল ও কৌশলগতভাবে স্পেনের চেয়ে পিছিয়ে ছিল তার দল।
ডালাসে ২২ মিনিটে লামিন ইয়ামালকে লুকাস দিনিয়ের ফাউল থেকে পেনাল্টি পায় স্পেন। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মিকেল ওইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে স্প্যানিশরা।
ম্যাচের পর দেশম বলেন, হেরে যাওয়ার পর রেফারিং নিয়ে বেশি কিছু বললে সেটি কান্নাকাটি বা অজুহাত হিসেবে দেখা হতে পারে। তবে এমন গুরুত্বপূর্ণ একটি সেমিফাইনাল পরিচালনার জন্য রেফারি যথেষ্ট প্রস্তুত ছিলেন কি না, সেই প্রশ্ন সাংবাদিকদের ভেবে দেখার আহ্বান জানান তিনি।
দেশমের অসন্তোষ শুধু পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে নয়। ম্যাচজুড়ে আরও কয়েকটি সিদ্ধান্ত ও রেফারির নিয়ন্ত্রণ নিয়েও তার আপত্তি ছিল। এরপরও হারের প্রধান কারণ হিসেবে নিজেদের পারফরম্যান্সকেই সামনে এনেছেন ফরাসি কোচ।
তার মতে, ফ্রান্সের ফুটবলাররা মানসিকভাবে বিধ্বস্ত হলেও বাস্তবতা স্বীকার করতে হবে। টেকনিক্যাল সামর্থ্য, পাসের নির্ভুলতা ও ম্যাচের প্রাণশক্তি, সব দিক থেকেই স্পেন এগিয়ে ছিল। কয়েকটি ভুল পাস থেকে সম্ভাবনাময় আক্রমণ নষ্ট হওয়াকেও বড় কারণ হিসেবে দেখছেন তিনি।
দেশম বলেন, এই পর্যায়ের ম্যাচে ছোট ভুলেরও বড় মূল্য দিতে হয়। স্পেন ফ্রান্সের পাস ও আক্রমণের পথ ভালোভাবে বুঝে আগেই বল কেড়ে নিয়েছে। ফলে এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেদের দিয়ে প্রত্যাশিত চাপ তৈরি করা যায়নি।
স্পেনের প্রাপ্য কৃতিত্বও দিয়েছেন দেশম। তার মতে, পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে ফাইনালে ওঠার মতো পারফরম্যান্সই করেছে দে লা ফুয়েন্তের দল।
ফ্রান্স এখন শনিবার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সেটিই জাতীয় দলের দায়িত্বে দেশমের শেষ ম্যাচ।




