logo
Advertisement

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্রাজিল

এশিয়া পোস্ট স্পোর্টস
হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্রাজিল
ট্রেইনিংয়ে ব্রাজিল দল। ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। প্রত্যাশার তুলনায় সেই শুরু ছিল হতাশাজনক। এবার হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে সুযোগ ঘুরে দাঁড়ানোর। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হবে ব্রাজিল ও হাইতি।

Advertisement

গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের গোলে হার এড়ালেও খেলায় খুব বেশি স্বস্তি ছিল না। আক্রমণে ধার কম ছিল, মাঝমাঠে নিয়ন্ত্রণও প্রত্যাশামতো ছিল না। ম্যাচের শুরুতে মরক্কোর গতিময় ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খেয়েছিল কার্লো আনচেলত্তির দল।

তবে ব্রাজিল কোচ এখনই আতঙ্কিত নন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, প্রথম ম্যাচে বিশ্বকাপ জেতা যায় না। তার মতে, মরক্কোর বিপক্ষে সমস্যাগুলো চিহ্নিত হয়েছে এবং হাইতির বিপক্ষে সেগুলো ঠিক করার সুযোগ আছে। খেলোয়াড়দের আত্মসমালোচনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

হাইতি ম্যাচে ব্রাজিল একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। আনচেলত্তি নিজেই বলেছেন, দলের ভারসাম্য ও খেলার মান বাড়াতে কিছু বদল দরকার। মরক্কোর বিপক্ষে ইগর থিয়াগো ও রজার ইবানিয়েসকে শুরু করানো নিয়ে সমালোচনা হয়েছিল। হাইতির বিপক্ষে দানিলো ও মাতেউস কুনিয়ার একাদশে ফেরার সম্ভাবনা আছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রাজিলের বড় খবর, এই ম্যাচেও থাকছেন না নেইমার। কাফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে হাইতির বিপক্ষে খেলানো হচ্ছে না। তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাননি; নিউ জার্সিতেই পুনর্বাসনের শেষ ধাপ চালিয়ে যাচ্ছেন। ব্রাজিল তাকে নিয়ে কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাইছে না।

নেইমার না থাকলেও ব্রাজিলের আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতা ও মাতেউস কুনিয়ার মতো বিকল্প আছে। মরক্কোর বিপক্ষে ভিনিসিয়ুসই দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। হাইতির বিপক্ষে তার গতি ও একক দক্ষতা ব্রাজিলের আক্রমণের বড় অস্ত্র হতে পারে।

কাগজে-কলমে হাইতি অনেক পিছিয়ে। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। তবে সেই হার তাদের আত্মবিশ্বাস ভাঙেনি। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফেরা হাইতির জন্য ব্রাজিলের মুখোমুখি হওয়াই বড় মঞ্চের এক বিশেষ মুহূর্ত।

হাইতি কোচ সেবাস্তিয়ান মিগনে বলেছেন, ব্রাজিলের বিপক্ষে তাঁদের হারানোর কিছু নেই। বরং এমন ম্যাচে নিজেদের প্রমাণ করার সুযোগই বেশি। তার মতে, হাইতির মানুষের জন্য গর্বের কিছু করে দেখানোই এই দলের বড় প্রেরণা।

পরিসংখ্যান ও শক্তির বিচারে ব্রাজিল স্পষ্ট ফেভারিট। অপটার সুপারকম্পিউটার ব্রাজিলের জয়ের সম্ভাবনা দেখিয়েছে ৮৭.৩ শতাংশ, হাইতির জয় ৪.৩ শতাংশ এবং ড্র ৮.৪ শতাংশ। দুই দলের আগের তিন দেখাতেই জিতেছে ব্রাজিল। সর্বশেষ ২০১৬ কোপা আমেরিকায় হাইটিকে ৭-১ গোলে হারিয়েছিল সেলেসাওরা।

তবে বিশ্বকাপে কাগজের হিসাব সব সময় মাঠে মেলে না। মরক্কোর বিপক্ষে ব্রাজিল সেটিই বুঝেছে। হাইতির বিপক্ষে দ্রুত গোল না পেলে চাপ বাড়তে পারে আনচেলত্তির দলের ওপর। বিশেষ করে এই ম্যাচে জয় না পেলে শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে আরও বেশি চাপ নিয়ে নামতে হবে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ হতে পারে ৪-২-৩-১ ছকে: আলিসন; দানিলো, মারকিনিয়োস, গাব্রিয়েল, দগলাস সান্তোস; ব্রুনো গিমারায়েস, কাসেমিরো; রাফিনিয়া, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র; মাতেউস কুনিয়া।

হাইতির সম্ভাব্য একাদশ: প্লাসিদ; আকরুস, আদে, দেলক্রোয়া, এক্সপেরিয়েন্স; কাসিমির, জাক, বেলেগার্দ, প্রোভিডেন্স; ইসিদর, পিয়েরো।

ব্রাজিলের জন্য ম্যাচটি শুধু তিন পয়েন্টের নয়, বার্তা দেওয়ারও। মরক্কোর বিপক্ষে অস্বস্তিকর শুরুর পর হাইতির বিপক্ষে তারা কতটা বদলে মাঠে নামে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নেইমার ছাড়াই ব্রাজিলকে প্রমাণ করতে হবে, এই দল এখনো বিশ্বকাপে বড় দাবিদারদের একটি।