মিশর ম্যাচের পর চোখে জল স্কালোনির

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়টি শুধু স্কোরলাইনের নাটক ছিল না, ছিল আবেগের বিস্ফোরণও। ১১ মিনিট বাকি থাকতে ২-০ গোলে পিছিয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আবেগ ধরে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনি।
আটলান্টায় শেষ ষোলোর ম্যাচ শেষে স্কালোনি জানান, ড্রেসিংরুমেও তার চোখে জল এসেছিল। মেসিকেও আবেগপ্রবণ হতে দেখা গেছে। স্কালোনির ভাষায়, তিনি সব সময়ই আবেগপ্রবণ। কখনো কখনো চোখের জল বেরিয়ে আসে। ড্রেসিংরুমেও তাঁর চোখে জল এসেছিল। ছেলেরা তাঁকে মজা করে ‘কাঁদুরে’ বলে ডাকে, কিন্তু তাতে তার কিছু যায় আসে না।
আর্জেন্টিনার জন্য রাতটি সহজ ছিল না। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ এগিয়ে যায় মিশর। প্রথমার্ধে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। কিন্তু শেষ দিকে বদলে যায় ম্যাচের গল্প। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমান, ৮৩ মিনিটে মেসি সমতা ফেরান, আর যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে জয় পায় আর্জেন্টিনা।
স্কালোনি অবশ্য দাবি করেছেন, দুই গোলে পিছিয়ে পড়লেও তিনি মনে করেননি ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। তার কথায়, ফল যাই হোক, ম্যাচ আর্জেন্টিনার দিকেই আছে বলে মনে হচ্ছিল। দল খারাপ খেলছিল বলেও মনে হয়নি। সুযোগও তৈরি করছিল তারা।
আগের রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিট লড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই ম্যাচের তুলনায় মিশরের বিপক্ষে পারফরম্যান্সে উন্নতি দেখছেন স্কালোনি। তিনি বলেন, কেপ ভার্দের বিপক্ষে অবস্থা আরও খারাপ ছিল। মিশরের বিপক্ষে ০-২ থাকার পরও তার মনে হচ্ছিল, কোনো না কোনো সময় আর্জেন্টিনা সুযোগ পাবে এবং ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে।
মেসির প্রশংসাও করেছেন আর্জেন্টিনা কোচ। পেনাল্টি মিস করেও গোল ও অ্যাসিস্টে দলকে ফেরানো অধিনায়ককে নিয়ে স্কালোনি বলেন, তার বিশ্বাস, মেসি এমন মুহূর্তগুলোর জন্যই ফুটবল খেলেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এমন অনুভূতি পাওয়া ব্যাখ্যা করা কঠিন।
স্কালোনির কাছে এই জয় ছিল অবিস্মরণীয়। তার ভাষায়, সামনে যাই ঘটুক, এই দল তাকে এমন অনুভূতি দেয় যে সবকিছু বিপক্ষে গেলেও তারা বিশ্বাস হারায় না।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচের জয়ী দল। ম্যাচটি হবে কানসাস সিটিতে, স্থানীয় সময় শনিবার।




