logo

নেইমারের রিপোর্টের অপেক্ষায় ব্রাজিল শিবির

নেইমারের রিপোর্টের অপেক্ষায় ব্রাজিল শিবির
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগেই নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। জাতীয় দলের প্রথম অনুশীলন সেশনে ছিলেন না ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড। ডান পায়ের কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা নেইমারকে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, গ্রাঞ্জা কোমারির অনুশীলন সেশনে অংশ নেননি নেইমার। তাকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে ইমেজিং পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। মেডিকেল স্টাফ মূল্যায়ন শেষ না করা পর্যন্ত তার অবস্থা নিয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে সিবিএফ।

কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় নেইমারের ফেরা ছিল বড় আলোচনার বিষয়। গত সপ্তাহে স্কোয়াডে ডাক পাওয়ার আগে ইতালিয়ান কোচের অধীনে ব্রাজিল দলে খেলেননি তিনি। ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি।

তবে আনচেলত্তি আগেই পরিষ্কার করেছিলেন, নাম বা অতীত সাফল্যের কারণে কেউ বিশেষ সুবিধা পাবেন না। নেইমারের জায়গাও নির্ভর করবে তার ফিটনেস ও ফর্মের ওপর। সেই কারণেই কাফের চোটের নতুন পরীক্ষা ব্রাজিল শিবিরের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্বকাপের আগে মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ। ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

আপাতত ব্রাজিল অপেক্ষায়, নেইমারের মেডিকেল রিপোর্ট কী বলে। বিশ্বকাপের মঞ্চে দলের সবচেয়ে পরিচিত মুখকে পাওয়া যাবে কি না, সেই উত্তরই এখন আনচেলত্তির প্রস্তুতি শিবিরের সবচেয়ে বড় প্রশ্ন।