মেসিকে কী বলেছিলেন, জানালেন বেলিংহাম

এশিয়া পোস্ট স্পোর্টস
মেসিকে কী বলেছিলেন, জানালেন বেলিংহাম
মেসির সাথে তর্কে জড়িয়েছিলেন বেলিংহাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের প্রথমার্ধে লিওনেল মেসির সঙ্গে জুড বেলিংহামের উত্তপ্ত বাক্যবিনিময় নজর কেড়েছিল। তবে ম্যাচ শেষে ইংল্যান্ডের এই মিডফিল্ডার জানালেন, ঘটনাটি আসলে একটি ফাউলকে ঘিরেই, এর বেশি কিছু নয়।

আটলান্টায় ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধে মেসি ও বেলিংহামকে মুখোমুখি কথা বলতে দেখা যায়। ম্যাচের পর বিষয়টি নিয়ে বেলিংহাম বলেন, ‘মেসির সঙ্গে কথাবার্তা? আসলে আমরা একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। গুরুতর কিছু ছিল না। সবাই হয়তো এটিকে বড় করে দেখবে, কিন্তু কিছুই না।’

ঘটনার ব্যাখ্যায় বেলিংহাম বলেন, তিনি মনে করেছিলেন এর আগে ইংল্যান্ড একটি ফাউল পাওয়ার যোগ্য ছিল। অন্যদিকে মেসি আর্জেন্টিনার পক্ষে না পাওয়া একটি ফাউলের কথা তোলেন।

বেলিংহামের ভাষায়, ‘আমি বলেছিলাম, এর আগে তো ফাউল ছিল। সে বলল, আমাকে যে ফাউল করা হয়েছিল, সেটার কী হবে? আমি বলেছি, তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারবে।’

শেষ পর্যন্ত অবশ্য মাঠের সেই কথাকাটাকাটিকে বড় কোনো বিরোধে রূপ দিতে চাননি বেলিংহাম। বরং ২-১ গোলে হারের পর মেসির প্রশংসাই করেছেন তিনি।

‘আমি তো হেরে যাওয়া দলের একজন, এটা খুব কষ্টের। তবে ফুটবলের সেরাদের একজনের বিপক্ষে খেলাটা অবশ্যই বিশেষ অভিজ্ঞতা,’ বলেছেন রিয়াল মাদ্রিদের তারকা।

অ্যান্থনি গর্ডনের গোলে ৫৫ মিনিটে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ দিকে মেসির দুই অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করলে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় থ্রি লায়ন্সদের।

হারের হতাশা লুকাননি বেলিংহামও। ইংল্যান্ড সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, বহু বছর ধরে তাঁরা যে কথা শুনে আসছেন, আবারও সেই হতাশার কথা বলতে হচ্ছে। এজন্য সমর্থকদের কাছে দুঃখও প্রকাশ করেছেন তিনি।