জার্মানিকে বিদায় করার আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

এশিয়া পোস্ট স্পোর্টস
জার্মানিকে বিদায় করার আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
প্যারাগুয়ে দল। ছবি: সংগৃহীত

জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে প্যারাগুয়ে। আর সেই ঐতিহাসিক জয়ের আনন্দে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া।

Advertisement

বোস্টনে রাউন্ড অব ৩২-এর নাটকীয় ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ছিল ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোয় ওঠে দক্ষিণ আমেরিকার দলটি।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারাগুয়ের প্রেসিডেন্ট লেখেন, ‘প্যারাগুয়ে কখনো আত্মসমর্পণ করে না।’ এরপরই তিনি ছুটির ঘোষণা দেন। সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

জার্মানির বিপক্ষে জয়ের পর প্যারাগুয়েজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। এমন জয়ের গুরুত্ব শুধু মাঠের ফলাফলে সীমাবদ্ধ নয়। বিশ্বকাপের ইতিহাসে জার্মানি পেনাল্টি শুটআউটে প্রায় অজেয় শক্তি হিসেবে পরিচিত। সেই দলকেই টাইব্রেকারে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে প্যারাগুয়ে।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় প্যারাগুয়ে। হুলিও এনসিসোর গোলে লিড নেয় লা আলবিররোহা। পরে কাই হাভার্টজ জার্মানিকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়েও দুই দলকে আলাদা করা যায়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে পেনাল্টি শুটআউটে।

সেখানে প্যারাগুয়ের নায়ক গোলরক্ষক অরল্যান্ডো গিল। জার্মানির দুটি পেনাল্টি ঠেকান তিনি। জার্মানির আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত হোসে কানালের পেনাল্টিতে নিশ্চিত হয় প্যারাগুয়ের জয়।

জার্মানির বিপক্ষে ম্যাচের আগেই প্যারাগুয়েতে ছুটি ঘোষণার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। সরকারের মুখপাত্র জানিয়েছিলেন, জয় পেলে বিষয়টি বিবেচনায় আসতে পারে। শেষ পর্যন্ত জয়ের পর প্রেসিডেন্ট পেনিয়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির ঘোষণা দেন।

প্যারাগুয়ের জন্য জয়টি ছিল বিশেষ আবেগের। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল তারা। এরপর তুরস্কের বিপক্ষে জয়, অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র এবং এবার জার্মানিকে হারিয়ে নকআউটের পরের ধাপে যাওয়া, সব মিলিয়ে তাদের বিশ্বকাপ অভিযান নতুন মাত্রা পেয়েছে।

জয়ের পর খেলোয়াড়দের উল্লাস যেমন মাঠে ছড়িয়ে পড়ে, তেমনি উৎসব শুরু হয় প্যারাগুয়েতেও। প্রেসিডেন্টের ছুটি ঘোষণায় সেই উদযাপন পেল আনুষ্ঠানিক রূপ। ফুটবলপ্রেমী দেশটির জন্য মঙ্গলবার তাই হয়ে উঠছে জার্মানি-বধের উৎসবের দিন।