মেসিদের ফাইনালের পরিচিত মুখ এবার সেমিফাইনালের রেফারি

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাথ। তার সহকারী হিসেবে থাকবেন স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস।
মরক্কোয় জন্ম নেওয়া এলফাথ বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের বড় ম্যাচে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। ২০২২ সালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনালে চতুর্থ রেফারি ছিলেন তিনি। টাইব্রেকারে সেই ম্যাচ জিতেই ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিল মেসির আর্জেন্টিনা।

কেন্দ্রীয় রেফারি হিসেবে এটি হতে যাচ্ছে এলফাথের সপ্তম বিশ্বকাপ ম্যাচ। ২০২২ আসরে পর্তুগাল–ঘানা ও ব্রাজিল–ক্যামেরুনসহ তিনটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এবারের বিশ্বকাপে তার পরিচালনা করা ম্যাচগুলোর মধ্যে রয়েছে নরওয়ে–ব্রাজিল কোয়ার্টার ফাইনাল।
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি। রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পেয়েছেন আরেক ইতালিয়ান দানিয়েলে বিন্দোনি।
আটলান্টায় বুধবার স্থানীয় সময় বেলা তিনটায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত একটায়।




