logo

ফুটবল উন্মাদনার দেশে ইউটিউবে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ

ফুটবল উন্মাদনার দেশে ইউটিউবে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ
বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ফুটবল মানেই উৎসব। সেই ফুটবলপাগল দেশটির দর্শকদের জন্য এবার আসছে বড় সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচই ইউটিউবে বিনামূল্যে সরাসরি দেখতে পারবেন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা।

ব্রাজিলিয়ান ইউটিউব প্ল্যাটফর্ম কেজটিভি বিশ্বকাপের সব ম্যাচ ফ্রি-টু-এয়ার দেখাবে। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে ফোরকে রেজোলিউশনে। শুধু ম্যাচ নয়, থাকবে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান, পর্দার পেছনের দৃশ্য, সাংস্কৃতিক আয়োজন ও তরুণ দর্শকদের জন্য ইন্টারঅ্যাক্টিভ কনটেন্টও।

কেজটিভি চালু হয় ২০২২ সালে। ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল লাইভমোডের সঙ্গে অংশীদারত্বে এই প্ল্যাটফর্ম শুরু করেন। কাতার বিশ্বকাপেই নির্বাচিত কিছু ম্যাচ সম্প্রচার করে নজর কাড়ে তারা। পরে ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, অলিম্পিকসহ বড় ক্রীড়া আসর কাভার করে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে কেজটিভি।

এই প্ল্যাটফর্মকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ আরও বেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগের পর। পর্তুগিজ তারকা লাইভমোডের আন্তর্জাতিক সম্প্রচার ইউনিট লাইভমোডটিভিতে উল্লেখযোগ্য অংশীদারিত্ব নিয়েছেন। এই প্রতিষ্ঠান পর্তুগালে ২০২৬ বিশ্বকাপের ৩৪টি ম্যাচ ইউটিউবে বিনামূল্যে দেখানোর স্বত্ব পেয়েছে, যার মধ্যে পর্তুগালের সব ম্যাচও থাকবে।

তবে বাংলাদেশের দর্শকদের জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কেজটিভির ফ্রি সম্প্রচার মূলত ব্রাজিলের জন্য। অঞ্চলভিত্তিক সম্প্রচার স্বত্বের কারণে বাংলাদেশ বা ভারতের দর্শকরা কেজটিভির ইউটিউব চ্যানেল খুললেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। ওই সম্প্রচার ব্রাজিলের বাইরে দেখা যাবে না।

এরপরও ব্রাজিলে কেজটিভির এই উদ্যোগ বিশ্বকাপ সম্প্রচারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ঐতিহ্যবাহী টিভি সম্প্রচারের বাইরে ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্ম যে বড় ক্রীড়া আসরেও শক্তিশালী বিকল্প হয়ে উঠছে, ২০২৬ বিশ্বকাপ সেটির বড় পরীক্ষা হতে যাচ্ছে।