ফ্রান্সকে টানা তৃতীয় সেমিফাইনাল থেকে বিদায় করল স্পেন

এশিয়া পোস্ট স্পোর্টস
ফ্রান্সকে টানা তৃতীয় সেমিফাইনাল থেকে বিদায় করল স্পেন
ফরাসিরা টানা তৃতীয় সেমিফাইনালে স্পেনের কাছে হারল। ছবি: গেটি ইমেজ

মঞ্চ বদলেছে, প্রতিযোগিতা বদলেছে, কিন্তু ফ্রান্সের বিপক্ষে ফল বদলায়নি স্পেনের। ২০২৪ ইউরো ও ২০২৫ উয়েফা নেশন্স লিগের পর এবার বিশ্বকাপের সেমিফাইনালেও কিলিয়ান এমবাপ্পেদের বিদায় করে দিল লা রোহারা।

ডালাসে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। ২২ মিনিটে লামিন ইয়ামালকে লুকাস দিনিয়ের ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারসাবাল। বিরতির পর দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো।

এই জয়ে টানা তৃতীয় বড় প্রতিযোগিতার সেমিফাইনালে ফ্রান্সকে হারাল স্পেন। ধারাটির শুরু ২০২৪ ইউরোয়। কলো মুয়ানির গোলে পিছিয়ে পড়েও ইয়ামাল ও ওলমোর গোলে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছিল স্প্যানিশরা। পরে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নও হয় তারা।

এক বছর পর নেশন্স লিগের সেমিফাইনালে দুই দলের দেখা হলে গোলের বন্যা বয়ে যায়। ইয়ামালের জোড়া গোলের সঙ্গে নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো ও পেদ্রির গোলে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারায় স্পেন। ফরাসিদের হয়ে গোল করেছিলেন এমবাপ্পে, রায়ান শেরকি ও কলো মুয়ানি। অন্য গোলটি ছিল দানি ভিভিয়ানের আত্মঘাতী।

সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়েও স্পেনের দাপট স্পষ্ট। দুই দলের শেষ ১০ ম্যাচে সাতটিই জিতেছে তারা। ফ্রান্স জিতেছে দুটি, অন্যটি হয়েছে ড্র। ২০২১ নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারানোর পর প্রতিযোগিতামূলক ম্যাচে আর তাদের বিপক্ষে জয় পায়নি ফরাসিরা।

২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠা স্পেন রোববার নিউ জার্সিতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে।