logo

ভারতে কোথায় দেখা যাবে বিশ্বকাপ, এখনো মেলেনি উত্তর

ভারতে কোথায় দেখা যাবে বিশ্বকাপ, এখনো মেলেনি উত্তর
বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী এখনো জানেন না, টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোথায় দেখা যাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এখনো ভারতের জন্য কোনো সম্প্রচারকারী চূড়ান্ত করতে পারেনি ফিফা। এর মধ্যেই দিল্লি হাইকোর্টে ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রসার ভারতী জানিয়েছে, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনা তাদের দায়িত্ব নয়।

ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রসার ভারতী দিল্লি হাইকোর্টে বলেছে, ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অধিগ্রহণের কোনো বাধ্যবাধকতা তাদের নেই। বিশ্বকাপটি যেন ভারতে, বিশেষ করে দূরদর্শন ও ডিডি স্পোর্টসের মতো ফ্রি-টু-এয়ার প্ল্যাটফর্মে দেখানো হয়, এমন নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানিতে এই অবস্থান জানায় প্রসার ভারতী।

এর আগে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও প্রসার ভারতীর কাছে এই বিষয়ে অবস্থান জানতে চেয়েছিল। আবেদনে বলা হয়, ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় নেই, অথচ এখনো ভারতে কোনো সম্প্রচারকারী টুর্নামেন্টের স্বত্ব নেয়নি। আবেদনকারীর দাবি, বিশ্বকাপ না দেখানোর পরিস্থিতি তৈরি হলে তা দর্শকদের তথ্যপ্রাপ্তির অধিকারের সঙ্গেও সম্পর্কিত হতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে ফিফার সঙ্গে সম্ভাব্য সম্প্রচারকারীদের দরকষাকষি এখনো চলছে। ফিফা জানিয়েছে, ১৮০টির বেশি অঞ্চলে তারা সম্প্রচার চুক্তি সম্পন্ন করেছে, তবে ভারতের বিষয়ে আলোচনা এখনো চলমান এবং এ পর্যায়ে তা গোপনীয়।


ভারতের মতো বড় বাজারে এমন অনিশ্চয়তা বিস্ময়কর। ২০২২ কাতার বিশ্বকাপে ভারতীয় দর্শকদের বড় অংশ টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ দেখেছিল। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ বিশ্বকাপে ভারতে ১১ কোটির বেশি মানুষ অনলাইনে ম্যাচ স্ট্রিম করেছিলেন।

সমস্যার বড় কারণ হিসেবে ধরা হচ্ছে সম্প্রচার স্বত্বের দাম ও ম্যাচের সময়সূচি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হওয়া এবারের বিশ্বকাপের অনেক ম্যাচ ভারতীয় সময় গভীর রাতে পড়বে। রয়টার্সের আগের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতের রিলায়েন্স-ডিজনি যৌথ উদ্যোগ ২০২৬ বিশ্বকাপের স্বত্বের জন্য ২ কোটি ডলার প্রস্তাব করেছিল, যা ফিফার প্রত্যাশার তুলনায় অনেক কম ছিল।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন স্থানীয় সময়, ভারতীয় সময় অনুযায়ী ১২ জুন। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হবে আসরটি। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬ শহরে হবে ম্যাচ। মোট ম্যাচ ১০৪টি। কিন্তু টুর্নামেন্ট এত বড় হলেও ভারতীয় দর্শকের সামনে এখনো বড় প্রশ্ন, বিশ্বকাপ দেখা যাবে কোথায়?