নরওয়ের বিপক্ষে একাদশে নেইমার আছেন কি না, জানালেন কোচ

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। সেই ম্যাচে তারকা ফুটবলার নেইমার একাদশে থাকবেন কি না জানালেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিতব্য ম্যাচে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে বদলি হিসেবেই ব্যবহার করার পরিকল্পনা আনচেলত্তির।
গ্রুপ পর্বে খুব অল্প সময় মাঠে নামার সুযোগ পাওয়া নেইমার নিজের সীমিত ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন আনচেলত্তি। তবে তিনি বলেন, দলের সিদ্ধান্তকে পেশাদারিত্বের সঙ্গে মেনে নিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার সন্তুষ্ট নয়, কারণ সে সব ম্যাচেই খেলতে চায়। কিন্তু সে শান্ত আছে, ভালো অনুশীলন করছে এবং দলের মধ্যে তার প্রভাব দারুণ ইতিবাচক। সতীর্থরা তাকে অনেক সম্মান করে। ব্যক্তি হিসেবেও সে অসাধারণ। তাকে দলে পেয়ে আমি খুবই খুশি।
ডান পায়ের কাফের চোট নিয়েই বিশ্বকাপে খেলছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। আনচেলত্তি জানান, নেইমার এখন মাঠে নামার জন্য প্রস্তুত থাকলেও পুরো ৯০ মিনিট খেলার মতো ম্যাচ ফিটনেস এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে সে কতক্ষণ খেলতে পারবে, সেটা নিশ্চিত করে বলা কঠিন। ম্যাচের গতি ও পরিস্থিতি বুঝে যখন প্রয়োজন হবে, তখনই তাকে মাঠে নামানো হবে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে খেলেছেন নেইমার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন তিনি।
পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে নয়। দুই দলের চারটি পূর্ববর্তী দেখায় একবারও নরওয়েকে হারাতে পারেনি সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটি জিতেছে নরওয়ে।
এছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল। সেই হতাশার পরিসংখ্যান বদলানোর লক্ষ্য নিয়েই এবার মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নরওয়েকে কঠিন প্রতিপক্ষ উল্লেখ করে আনচেলত্তি বলেন, নরওয়ের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। তারা রক্ষণভাগে খুবই সংগঠিত। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। হয়তো গোল হজমও করতে পারি, কিন্তু সেখান থেকে কীভাবে ম্যাচে ফিরতে হবে, সেটাও আমাদের পরিকল্পনায় রয়েছে।





