logo

বিশ্বকাপের আগে স্পেন শিবিরে স্বস্তি, প্রথম ম্যাচেই ফিরছেন তারকা ফুটবলাররা

বিশ্বকাপের আগে স্পেন শিবিরে স্বস্তি, প্রথম ম্যাচেই ফিরছেন তারকা ফুটবলাররা
স্পেন ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও অবশেষে স্পেন শিবিরে ফিরছে স্বস্তি। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই দলের তিন তারকা লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিয়োসকে পাওয়ার আশা করছেন 'লা রোহা' কোচ লুইস দে লা ফুয়েন্তে।

চোটের কারণে পেরুর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে মেক্সিকো ভ্রমণ না করে, বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের টেনেসির চ্যাটানুগায় স্পেনের মূল অনুশীলন ঘাঁটিতে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

১৮ বছর বয়সি বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল মূলত কুঁচকির সমস্যায় ভুগছেন। এর আগে গত এপ্রিলে হ্যামস্ট্রিংয়ের চোট থেকেও সেরে উঠেছিলেন তিনি। তার সঙ্গে নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিয়োসও চোট কাটিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ায় আছেন। স্প্যানিশ বস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, খেলোয়াড়দের চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়াটি বেশ ইতিবাচকভাবে এগোচ্ছে এবং আগামী কয়েক দিনে নতুন কোনো জটিলতা না হলে এই ত্রয়ী বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্কোয়াডে থাকার মতো ফিটনেস ফিরে পাবেন। তবে প্রথম ম্যাচেই তারা শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো করতে চান না কোচ।

ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন মেক্সিকোর পুয়েবলায় পেরুর বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে। এরপরই তারা উড়াল দেবে আটলান্টায়, যেখানে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। তবে পেরুর বিপক্ষে ম্যাচটিকে স্রেফ 'গা গরমের' ম্যাচ হিসেবে দেখছেন না কোচ। বিশ্বকাপের আগে দলের ছন্দ, আত্মবিশ্বাস ও মাঠের ভারসাম্য পরখ করার জন্য এই ম্যাচটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তিনি।

ইউরো জয়ের পর এবারের বিশ্বকাপেও স্পেনকে অন্যতম ফেবারিট ভাবা হচ্ছে। এই প্রত্যাশার চাপ সামলানো প্রসঙ্গে ফরোয়ার্ড ইয়েরেমি পিনো বলেন, ‘ফেবারিট হিসেবে চাপ থাকাটাই স্বাভাবিক। গত কয়েক বছর ধরে আমরা যে উচ্চমানের ফুটবল খেলেছি, সেই পরিচয় আমরা গর্বের সঙ্গেই বহন করছি। তাই চাপ কোনো অজুহাত হতে পারে না, বরং এই চাপ আমাদের আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে।’

স্পেনের আক্রমণভাগে দুই প্রান্তে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের গতি, ড্রিবলিং ও সৃজনশীলতা কোচ দে লা ফুয়েন্তের মূল অস্ত্র। তাই প্রথম ম্যাচের আগে ফুটবলপ্রেমীদের চোখ এখন এই তারকাদের পুনর্বাসনের শেষ কয়েকটা দিনের দিকে।