৩৯ বছরেও ‘মেশিন’ মেসি, অবাক নন স্কালোনি

এশিয়া পোস্ট স্পোর্টস
৩৯ বছরেও ‘মেশিন’ মেসি, অবাক নন স্কালোনি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বয়স ৩৯। চোট কাটিয়ে বিশ্বকাপে আসার আগে শারীরিক সক্ষমতা নিয়েও ছিল সংশয়। অথচ টুর্নামেন্ট যত এগিয়েছে, লিওনেল মেসি যেন ততই উজ্জ্বল হয়েছেন। আট গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসন ভাগ করছেন আর্জেন্টিনা অধিনায়ক। এত কিছুর পরও তার এমন রূপে মোটেও বিস্মিত নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে মেসিকে একটি ‘মেশিন’ হিসেবে বর্ণনা করেছেন আর্জেন্টিনা কোচ। স্কালোনির মতে, নিজের সর্বোচ্চটা দেওয়ার সুযোগ পেলে বয়স এখনো মেসির ফুটবলকে আটকে রাখতে পারে না।

স্কালোনি বলেন, ‘সে যখন নিজের সবটুকু দেয় এবং বোঝে যে বিপদ তৈরি করতে পারবে, তখন সে একটা মেশিন।’

শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। হাতে তখন মাত্র ১১ মিনিট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই প্রত্যাবর্তনে একটি গোল করার পাশাপাশি ক্রিস্তিয়ান রোমেরোর গোলেও সহায়তা করেন মেসি।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা মেসি টুর্নামেন্টের আগে মাংসপেশির চোটে ভুগেছিলেন। তাই এক মাস আগে ৩৯ পূর্ণ করা আর্জেন্টাইন তারকা কতটা ধকল নিতে পারবেন, তা নিয়ে প্রশ্ন ছিল। স্কালোনি অবশ্য জানিয়েছেন, ব্যক্তিগত প্রশিক্ষকের সঙ্গে বিশেষ প্রস্তুতি নেওয়ার সুফল পাচ্ছেন মেসি। তবে আগের তুলনায় তার দৌড়ানোর পরিমাণ খুব বেশি বদলেছে বলে মনে করেন না আর্জেন্টিনা কোচ।

বয়সের কারণে মেসির মান পড়ে যাবে বলে যারা ভেবেছিলেন, তাদের ধারণাকেও উড়িয়ে দিয়েছেন স্কালোনি।

আর্জেন্টিনা কোচের ভাষায়, ‘যত দিন সে চাইবে, সেরাই থাকবে।’

তবে মেসিকে নিয়ে আলোচনার মধ্যেও কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে উঠেছে সুইজারল্যান্ড। দলটিকে অভিজ্ঞ, শারীরিকভাবে শক্তিশালী এবং বড় দলের বিপক্ষে লড়াই করতে জানা প্রতিপক্ষ হিসেবে দেখছেন তিনি।