শেষ ষোলোর বাকি তিন টিকিটের লড়াই আজ

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াই শেষ হচ্ছে আজ। শেষ ষোলোর ১৩ দল এরই মধ্যে নিশ্চিত হয়েছে। বাকি আছে আর তিনটি জায়গা। স্থানীয় সময় শুক্রবার সেই তিন টিকিটের জন্য মাঠে নামবে অস্ট্রেলিয়া, মিশর, আর্জেন্টিনা, কেপ ভার্দে, কলম্বিয়া ও ঘানা।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশর। অপ্টার সুপারকম্পিউটারের হিসাবে এটি শেষ ৩২-এর সবচেয়ে কাছাকাছি লড়াই হতে পারে। ২৫ হাজার সিমুলেশনে নির্ধারিত সময়ে মিশরের জয়ের সম্ভাবনা ৩৮.৬ শতাংশ, অস্ট্রেলিয়ার ৩০.৪ শতাংশ। ৯০ মিনিট শেষে ড্র হওয়ার সম্ভাবনাও ৩১ শতাংশ। তবে পরের রাউন্ডে ওঠার হিসাবে মিশরের সম্ভাবনা ৫৪ শতাংশ, অস্ট্রেলিয়ার ৪৬ শতাংশ।
এরপর মায়ামিতে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ বিশ্বকাপ অভিষেকেই চমক দেখানো কেপ ভার্দে। দুই দলের এটিই প্রথম দেখা। ইতিহাস ও শক্তির বিচারে অনেকটাই এগিয়ে লিওনেল স্কালোনির দল। অপ্টার হিসাবে নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ৬.৮ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ১২.৩ শতাংশ।
গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে এসেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি তিন ম্যাচে করেছেন ৬ গোল। তবে কেপ ভার্দেকে হালকাভাবে দেখার সুযোগ নেই। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিন ড্র নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে তারা। রক্ষণে সংগঠিত থাকা এবং পাল্টা আক্রমণে দ্রুত ওঠাই আফ্রিকার ছোট দেশটির বড় শক্তি।
শেষ ম্যাচে কলম্বিয়ার সামনে ঘানা। দুই দলও আগে কখনো মুখোমুখি হয়নি। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক বিশ্বকাপ রেকর্ড ভালো কলম্বিয়ার। অপ্টার হিসাবে নির্ধারিত সময়ে তাদের জয়ের সম্ভাবনা ৬৪.৮ শতাংশ। ঘানার জয়ের সম্ভাবনা ১৩.৮ শতাংশ, আর ৯০ মিনিট শেষে ড্র হওয়ার সম্ভাবনা ২১.৪ শতাংশ।
এ পর্যন্ত শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড। বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস, আইভরি কোস্ট, সুইডেন, ইকুয়েডর, ডিআর কঙ্গো, সেনেগাল, বসনিয়া ও হার্জেগোভিনা, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও আলজেরিয়া।
দিন শেষে পূর্ণ হবে শেষ ষোলোর সূচি। আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের জয়ী দল খেলবে অস্ট্রেলিয়া-মিশর ম্যাচের জয়ীর বিপক্ষে। আর সুইজারল্যান্ড অপেক্ষায় থাকবে কলম্বিয়া-ঘানা ম্যাচের জয়ীর।
- অস্ট্রেলিয়া বনাম মিশর: শনিবার রাত ১২টা
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: শনিবার ভোর ৪টা
- কলম্বিয়া বনাম ঘানা: শনিবার সকাল ৭টা ৩০ মিনিট




