logo
Advertisement

বিশ্বকাপে আজ রোনালদো-মদরিচ মহারণ

এশিয়া পোস্ট স্পোর্টস
বিশ্বকাপে আজ রোনালদো-মদরিচ মহারণ
মদ্রিচ-রোনালদো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে আজ মাঠে নামছে আরও ছয় দল। বৃহস্পতিবারের সূচিতে আছে তিনটি ম্যাচ। দিনের সবচেয়ে বড় আকর্ষণ পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, যেখানে মুখোমুখি হবেন রিয়াল মাদ্রিদের দুই সাবেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদরিচ। এ ছাড়া মাঠে নামবে লামিন ইয়ামালের স্পেন, আর দিনের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আলজেরিয়া।

Advertisement

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া। ইউরো চ্যাম্পিয়ন স্পেন গ্রুপ ‘এইচ’ থেকে অপরাজিত থেকে নকআউটে উঠেছে। তবে লুইস দে লা ফুয়েন্তের দল গ্রুপ পর্বে সব ম্যাচে একরকম আধিপত্য দেখাতে পারেনি। লামিনে ইয়ামাল, পেদ্রি, মিকেল ওইয়ারসাবালদের সামনে তাই অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের আক্রমণ আরও ধারালো দেখানোর সুযোগ।

অস্ট্রিয়া ফিরেছে ৪৪ বছর পর বিশ্বকাপের নকআউট মঞ্চে। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার পেছনে দ্বিতীয় হয়ে শেষ ৩২-এ উঠেছে তারা। আলজেরিয়ার বিপক্ষে যোগ করা সময়ে সাসা কালাইচিচের হেডে ৩-৩ ড্র পায় অস্ট্রিয়া। সেই গোলই তাদের নকআউট নিশ্চিত করে। স্পেনের বিপক্ষে তারা আন্ডারডগ হলেও শারীরিক শক্তি, প্রেসিং ও সরাসরি ফুটবলে চ্যালেঞ্জ জানাতে পারে।

দিনের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়। টরন্টোয় মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচটির বাড়তি আবেগ রোনালদো ও মদরিচকে ঘিরে। রিয়াল মাদ্রিদে একসঙ্গে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা দুই কিংবদন্তি এবার বিশ্বকাপের নকআউটে প্রতিপক্ষ। ৪১ বছর বয়সি রোনালদো এবং ৪০ বছর বয়সি মদরিচের একজনের বিশ্বকাপ যাত্রা এই ম্যাচেই শেষ হয়ে যেতে পারে।

পর্তুগাল গ্রুপ ‘কে’-তে দ্বিতীয় হয়ে এসেছে। কঙ্গো ও কলম্বিয়ার সঙ্গে ড্র করলেও উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছে রবার্তো মার্তিনেজের দল। রোনালদোর সঙ্গে ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, নুনো মেন্দেস ও জোয়াও নেভেসরা পর্তুগালের বড় ভরসা।

ক্রোয়েশিয়ার শুরুটা ছিল ধাক্কা দিয়ে। ইংল্যান্ডের কাছে ৪-০ গোলে হারের পরও তারা ঘুরে দাঁড়ায়। পানামাকে ১-০ এবং ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউটে ওঠে জ্লাতকো দালিচের দল। মদরিচের অভিজ্ঞতা, মাতেও কোভাচিচের নিয়ন্ত্রণ, ইভান পেরিসিচের অভিজ্ঞতা এবং তরুণদের শক্তি মিলিয়ে ক্রোয়েশিয়া আবারও নকআউট ফুটবলে বিপজ্জনক প্রতিপক্ষ।

দিনের শেষ ম্যাচ বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায়। ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলজেরিয়া। গ্রুপ ‘বি’ থেকে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউটে উঠেছে সুইসরা। কানাডাকে পেছনে ফেলে গ্রুপসেরা হওয়া দলটি প্রথম পর্বে ধারাবাহিক ফুটবল খেলেছে।

সুইজারল্যান্ডের বড় ভরসা অভিজ্ঞ গ্রানিত জাকা। তার সঙ্গে রুবেন ভার্গাস ও জোহান মানজাম্বি প্রথম পর্বে নজর কেড়েছেন। আলজেরিয়া এসেছে গ্রুপ ‘জে’-তে তৃতীয় হয়ে, সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে। রিয়াদ মাহরেজের অভিজ্ঞতা ও সৃজনশীলতাই তাদের আক্রমণের সবচেয়ে বড় শক্তি।

দিনের তিন ম্যাচের মধ্যে পর্তুগাল-ক্রোয়েশিয়া সবচেয়ে বেশি আলোচনায়। তবে স্পেনের জন্যও অস্ট্রিয়া পরীক্ষা সহজ নয়। আর সুইজারল্যান্ড-আলজেরিয়া ম্যাচে অপেক্ষা করতে পারে আরেকটি লড়াকু নকআউট গল্প।

আজকের সূচি, বাংলাদেশ সময়

  • স্পেন বনাম অস্ট্রিয়া: শুক্রবার রাত ১টা
  • পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া: শুক্রবার ভোর ৫টা
  • সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া: শুক্রবার সকাল ৯টা