প্রথমার্ধে দাপট দেখিয়ে ১-০ তে এগিয়ে স্পেন

এশিয়া পোস্ট স্পোর্টস
প্রথমার্ধে দাপট দেখিয়ে ১-০ তে এগিয়ে স্পেন
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে গেছে স্পেন। ম্যাচের ৩৬তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। একের পর এক আক্রমণের পর অবশেষে আসে কাঙ্ক্ষিত গোল। বাঁ দিক থেকে মার্ক কুকুরেয়ার বাড়ানো পাস ঠান্ডা মাথায় জালে পাঠান ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি স্প্যানিশ ফরোয়ার্ডের তৃতীয় গোল।

এর আগে ম্যাচের শুরুতে স্পেন গোলের খুব কাছাকাছি পৌঁছেছিল। কর্নার থেকে আসা বলে জোরালো শটে বল জালে পাঠান মার্ক কুকুরেয়া। তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কর্নারের সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন বলে গোলটি বাতিল করেন রেফারি।

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করলেও সুযোগ তৈরিতে স্পষ্টভাবে এগিয়ে ছিল স্পেন। অস্ট্রিয়ার রক্ষণভাগ কয়েকবার চাপে পড়লেও শেষ পর্যন্ত ওইয়ারসাবালের গোলেই ব্যবধান গড়ে ওঠে।

ম্যাচের আগে স্পেনের পক্ষে ছিল দারুণ কিছু পরিসংখ্যান। ইউরোপের কোনো দলের বিপক্ষে তারা সর্বশেষ হেরেছিল ২০২৩ সালের ২৮ মার্চ, স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে। এরপর থেকে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে তারা।

এ ছাড়া বিশ্বকাপে টানা চার ম্যাচে কোনো গোল না খাওয়ার কীর্তিও গড়ে রেখেছে স্পেন, যা তাদের বিশ্বকাপ ইতিহাসের যৌথ দীর্ঘতম ক্লিন শিটের রেকর্ড।

স্পেনের একাদশ: উনাই সিমোন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

অস্ট্রিয়ার একাদশ: আলেকজান্ডার শ্লাগার, স্টেফান পশ, কেভিন ডানসো, ডেভিড আলাবা, কনরাড লাইমার, নিকোলাস সাইভাল্ড, সাভের শ্লাগার, রোমানো স্মিড, পল ভানার, মার্সেল সাবিটসার, মাইকেল গ্রেগরিশ।