logo

ভ্যান ডাইকের নেতৃত্বে ডাচদের বিশ্বকাপ দল ঘোষণা

ভ্যান ডাইকের নেতৃত্বে ডাচদের বিশ্বকাপ দল ঘোষণা
ভার্জিল ভ্যান ডাইক। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। রোনাল্ড কোমানের দলে অধিনায়ক হিসেবে থাকছেন লিভারপুল তারকা ভার্জিল ভ্যান ডাইক। তবে জায়গা হয়নি লিভারপুলের রাইটব্যাক জেরেমি ফ্রিম্পংয়ের। চোটে ভরা মৌসুমই শেষ পর্যন্ত তার বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা হয়ে এসেছে।

ডাচ দলে এবার প্রিমিয়ার লিগের প্রভাব স্পষ্ট। ২৬ জনের মধ্যে ১৫ জনই ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলেন। লিভারপুল থেকে ভ্যান ডাইকের সঙ্গে আছেন রায়ান গ্রাভেনবের্খ ও কোডি গাকপো। ব্রাইটন থেকেও সুযোগ পেয়েছেন তিনজন, গোলরক্ষক বার্ট ভারব্রুগেন, ডিফেন্ডার ইয়ান পল ফন হেক্কে ও মিডফিল্ডার ম্যাটস উইফার।

ফ্রিম্পংয়ের বাদ পড়াই দল ঘোষণার সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত। বায়ার লেভারকুসেনে সফল সময় কাটিয়ে গত বছর লিভারপুলে যোগ দেওয়ার সময় বিশ্বকাপ দল নিয়ে তাঁর জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু অ্যানফিল্ডে প্রথম মৌসুমে একের পর এক হ্যামস্ট্রিং চোটে ছন্দ হারান তিনি। প্রিমিয়ার লিগে মাত্র ১২ ম্যাচে শুরু করতে পেরেছেন, শেষদিকে তাঁকে ব্যবস্থাপনায় খেলাতে হয়েছে চোট এড়ানোর জন্য।

চোটের কারণে দলে নেই টটেনহামের জাভি সিমন্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথাইস ডি লিটও। এপ্রিলে এসিএল ইনজুরিতে পড়েছেন সিমন্স। আর পিঠের চোটে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে ডি লিট। তবে মার্চের পর থেকে না খেললেও আর্সেনালের ইউরিয়েন টিম্বারকে দলে রেখেছেন কোমান।

মাঝমাঠে প্রত্যাশিতভাবেই আছেন ফ্রেঙ্কি ডি ইয়ং, গ্রাভেনবের্খ ও তিজানি রেইন্ডার্স। পিএসভি অধিনায়ক জার্ডি শাউটেন ও সিমন্সের চোটের পর বিকল্প হিসেবে তরুণ লুসিয়ানো ভালেন্তে বা কিস স্মিটকে নেওয়া হতে পারে বলে আলোচনা ছিল। কিন্তু কোমান অভিজ্ঞতার দিকে ঝুঁকে মার্টেন ডি রন ও কুইন্টেন টিম্বারকে বেছে নিয়েছেন।

আক্রমণভাগে মেমফিস ডিপাইয়ের সঙ্গে থাকছেন গাকপো, ডনিয়েল মালেন, জাস্টিন ক্লুইভার্ট, নোয়া ল্যাং, ক্রিসেনসিও সামারভিল, ব্রায়ান ব্রোবি ও ভাউট ভেগহর্স্ট। রোমার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মালেনকে বিশ্বকাপে ডান প্রান্তে ব্যবহার করতে পারেন কোমান।

নেদারল্যান্ডস এখনো বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি ডাচদের। এবার গ্রুপ এফে তাদের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিসিয়া। ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কোমানের দল। এরপর ২০ জুন সুইডেন এবং ২৫ জুন তিউনিসিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলরক্ষক: বার্ট ভারব্রুগেন, রবিন রোয়েফস, মার্ক ফ্লেকেন

ডিফেন্ডার: ইউরিয়েন টিম্বার, মিকি ফন ডি ফেন, ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ইয়োরেল হাতো, ডেনজেল ডামফ্রিস, ইয়ান পল ফন হেক্কে

মিডফিল্ডার: রায়ান গ্রাভেনবের্খ, তিজানি রেইন্ডার্স, ফ্রেঙ্কি ডি ইয়ং, তেয়ুন কোপমেইনার্স, মার্টেন ডি রন, কুইন্টেন টিম্বার, গুস টিল, ম্যাটস উইফার

ফরোয়ার্ড: ব্রায়ান ব্রোবি, মেমফিস ডিপাই, কোডি গাকপো, জাস্টিন ক্লুইভার্ট, নোয়া ল্যাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল, ভাউট ভেগহর্স্ট