logo

মানে–মেন্দিদের নিয়ে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

মানে–মেন্দিদের নিয়ে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা
সাদিও মানে। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ঠিক আগে চোটে ছিটকে গিয়েছিলেন সাদিও মানে। চার বছর পর সাবেক লিভারপুল তারকার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরার অপেক্ষা শেষ হওয়ার পথে। ২০২৬ বিশ্বকাপের জন্য সেনেগালের প্রাথমিক ২৮ সদস্যের দলে জায়গা পেয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা।

কোচ পাপ থিয়াও ঘোষিত দলে সবচেয়ে বড় নাম মানেই। আল নাসরে খেলা ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড সেনেগালের হয়ে ৫৩ গোল করেছেন, যা দেশটির রেকর্ড। ২০২২ বিশ্বকাপে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি তিনি। এবার তাই বিশ্বকাপ মঞ্চে তার ফেরাকে ঘিরে সেনেগালের প্রত্যাশা বড়।

সেনেগালের দলে প্রিমিয়ার লিগের প্রতিনিধিত্বও চোখে পড়ার মতো। চেলসির মামাদু সার, এভারটনের ইদ্রিসা গানা গেয়া ও ইলিমান এনদিয়ায়ে, ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সারসহ ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা সাতজন ফুটবলার আছেন প্রাথমিক স্কোয়াডে। দলে আছেন টটেনহামের পাপে মাতার সার, ওয়েস্ট হামের এল হাজি মালিক দিয়ুফ এবং সান্ডারল্যান্ডের হাবিব দিয়ারাও।

চোটের কারণে আফ্রিকা কাপ অব নেশনস মিস করা কোমো উইঙ্গার আসানে দিয়াও ফিরেছেন দলে। ২০ বছর বয়সী এই ফুটবলারকে ঘিরে তখন ক্লাব বনাম জাতীয় দলের টানাপোড়েনও তৈরি হয়েছিল। এবার বিশ্বকাপের আগে তাকে আবার বিবেচনায় এনেছেন থিয়াও।

তবে স্কোয়াডের সবচেয়ে বড় চমক বারা সাপোকো এনদিয়ায়ে। এখনও সেনেগালের সিনিয়র দলে অভিষেক হয়নি তার। গাম্বিয়ার গামবিনোস স্টার্স আফ্রিকা থেকে ধারে বায়ার্ন মিউনিখে খেলা এই ১৮ বছর বয়সী মিডফিল্ডার গত ১১ এপ্রিল পেশাদার ফুটবলে অভিষেক করেছেন। এরপর বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে দুটি ম্যাচে শুরুও করেছেন তিনি।

কিছু উল্লেখযোগ্য নাম অবশ্য জায়গা পাননি। সাবেক পিএসজি ডিফেন্ডার আবদু দিয়ালো দলে নেই। ওয়াটফোর্ডের অভিজ্ঞ মিডফিল্ডার নামপালিস মেন্দিও বাদ পড়েছেন। লাতসিওর বুলায়ে দিয়া ও মেতজের হাবিব দিয়ালোর মতো তুলনামূলক প্রতিষ্ঠিত ফরোয়ার্ডদের জায়গায় ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে রাখা হয়েছে তুরস্কের সামসুনস্পোরে খেলা শেরিফ এনদিয়ায়েকে।

থিয়াওকে অবশ্য ২ জুনের মধ্যে দল ২৬ জনে নামিয়ে আনতে হবে। বিশ্বকাপের আগে সেনেগাল প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিপক্ষে। ৩১ মে নর্থ ক্যারোলিনার শার্লটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। এরপর ১০ জুন টেক্সাসের সান আন্তোনিওতে সৌদি আরবের বিপক্ষে খেলবে আফ্রিকার দলটি।

বিশ্বকাপে সেনেগালের শুরুটা কঠিন। ১৬ জুন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। ২০০২ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়েছিল সেনেগাল। এবারও সেই স্মৃতিই অনুপ্রেরণা হতে পারে মানেদের। গ্রুপে সেনেগালের অন্য দুই প্রতিপক্ষ নরওয়ে ও ইরাক। ম্যাচ দুটি হবে ২৩ ও ২৬ জুন।

২০০২ সালে কোয়ার্টার ফাইনালে ওঠাই এখন পর্যন্ত বিশ্বকাপে সেনেগালের সেরা সাফল্য। আফ্রিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে এবার অন্তত সেই অর্জন ছোঁয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে নামবে তারা।

সেনেগালের প্রাথমিক বিশ্বকাপ দল

গোলকিপার:

মরি দিয়াও, ইয়েভান দিয়ুফ, এদুয়ার মেন্দি।

ডিফেন্ডার:

ইলায় কামারা, ক্রেপিন দিয়াত্তা, এল হাজি মালিক দিয়ুফ, ইসমাইল জ্যাকবস, কালিদু কুলিবালি, মুস্তাফা এমবাও, আঁতোয়ান মেন্দি, মুসা নিয়াখাতে, মামাদু সার, আবদুলায়ে সেক।

মিডফিল্ডার:

লামিন কামারা, পাথে সিস, হাবিব দিয়ারা, ইদ্রিসা গানা গেয়া, পাপে গেয়া, বারা এনদিয়ায়ে, পাপে মাতার সার।

ফরোয়ার্ড:

আসানে দিয়াও, বাম্বা দিয়েং, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে, ইব্রাহিম এমবায়ে, শেরিফ এনদিয়ায়ে, ইলিমান এনদিয়ায়ে, ইসমাইলা সার।