টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের হাতাহাতি

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগেই নিউইয়র্কে উত্তেজনা ছড়াল সমর্থকদের মধ্যে। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’র ম্যাচের আগে স্থানীয় সময় সোমবার বিকেলে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
নিউইয়র্কের ম্যানহাটনের ব্যস্ততম জায়গাগুলোর একটি টাইমস স্কয়ারে আর্জেন্টিনার সমর্থকেরা জাতীয় দলের সমর্থনে পতাকা মিছিল ও জমায়েত করেছিলেন। একই সময়ে আলজেরিয়ার সমর্থকেরাও সেখানে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে পরিস্থিতি ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।
ভিডিওতে আর্জেন্টিনার জার্সি ও পতাকার রঙে থাকা কিছু সমর্থকের সঙ্গে আলজেরিয়ার রঙে থাকা সমর্থকদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, একপর্যায়ে লাথালাথির ঘটনাও ঘটে। সেখানে শিশু-কিশোরসহ অনেক সাধারণ দর্শনার্থী উপস্থিত থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
কিছু মানুষ দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। পরে নিরাপত্তাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে। ম্যাচের আগে নিউইয়র্কের পাশাপাশি কানসাস সিটিতেও আর্জেন্টাইন সমর্থকেরা জমায়েত করেন, যেখানে দলটি অবস্থান করছে।
