আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে স্বস্তির খবর পেল ইংল্যান্ড

এশিয়া পোস্ট স্পোর্টস
আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে স্বস্তির খবর পেল ইংল্যান্ড
ইংল্যান্ড ফুটবল দল। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্বস্তির খবর পেল ইংল্যান্ড। অসুস্থতা কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ তারকা ডেকলান রাইস। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ইংলিশ মিডফিল্ডারের শুরুর একাদশে থাকার সম্ভাবনাও জোরালো।

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে তিন দিন বিছানায় ছিলেন রাইস। পুরোপুরি সুস্থ না হয়েও ম্যাচটি শুরু করেছিলেন তিনি। তবে শারীরিক অবস্থার কারণে বিরতির সময় তাকে তুলে নেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারানোর পর কানসাস সিটিতে নিজেদের ঘাঁটিতে ফেরে ইংল্যান্ড। সেখানে রাইসের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে এলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে মাঝমাঠে শুরু করার আশা করা হচ্ছে তাকে। তবে ইংল্যান্ডের আনুষ্ঠানিক একাদশ এখনো ঘোষণা করা হয়নি।

বিশ্বকাপে ইংল্যান্ডের মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য রাইস। প্রতিপক্ষের আক্রমণ থামানোর পাশাপাশি রক্ষণ থেকে খেলা গড়ে তোলায়ও তাঁর বড় ভূমিকা রয়েছে। লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের বিপক্ষে মাঝমাঠের লড়াইয়ে তাকে প্রয়োজন টুখেলের।

ইংল্যান্ড শিবিরে অবশ্য এজরি কনসার ফিটনেস নিয়েও কিছুটা উদ্বেগ রয়েছে। নরওয়ের বিপক্ষে পেশিতে টান অনুভব করায় তাকে তুলে নেওয়া হয়েছিল। তবে অ্যাস্টন ভিলার এই ডিফেন্ডারও আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য বিবেচনায় থাকবেন বলে আশা করা হচ্ছে। কনসার পরিবর্তে রিস জেমসকে শুরুর একাদশে ফেরানোর সুযোগও রয়েছে। নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে ভালো খেলা বুকায়ো সাকাও শুরু করতে পারেন।

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে শুধু মেসিকে ঘিরে পরিকল্পনা করলে চলবে না বলে সতীর্থদের সতর্ক করেছেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিটি বিভাগেই ম্যাচের ফল বদলে দেওয়ার মতো খেলোয়াড় রয়েছেন।

ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতায় ঘেরা ম্যাচটিতে আবেগ নিয়ন্ত্রণে রাখার ওপরও গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। দুই দল সর্বশেষ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২০০২ সালে। এবার প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হবে তাদের।

আটলান্টায় ম্যাচটি শুরু হবে ১৫ জুলাই স্থানীয় সময় বিকেল ৩টায়, বাংলাদেশ সময় ১৬ জুলাই রাত ১টায়। ম্যাচ পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাথ।