logo

দুই নতুন ‍মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

দুই নতুন ‍মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
ছবি: সংগৃহীত

১৬ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরছে দক্ষিণ আফ্রিকা। সেই প্রত্যাবর্তনের মঞ্চে দুই অনভিষিক্ত ডিফেন্ডারকে রেখেই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ হুগো ব্রোস।

বুধবার ঘোষিত দলে জায়গা পেয়েছেন ওলওয়েথু মাখানিয়া ও ব্র্যাডলি ক্রস। ২২ বছর বয়সী সেন্টারব্যাক মাখানিয়া খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নে। আর ২৫ বছর বয়সী লেফটব্যাক ক্রস খেলেন দক্ষিণ আফ্রিকার ক্লাব কাইজার চিফসে। বাছাইপর্বে তারা কেউই দলের অংশ ছিলেন না। তবে রক্ষণে বিকল্প বাড়ানোর চিন্তা থেকেই দুজনকে বিশ্বকাপ দলে রেখেছেন ব্রোস।

৩৬ বছর বয়সী অভিজ্ঞ প্লেমেকার থেম্বা জওয়ানেও আছেন দলে। বল পায়ে তাঁর অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ। বার্নলির স্ট্রাইকার লাইল ফস্টার আক্রমণভাগের বড় ভরসা। দলে থাকা ২৬ জনের মধ্যে ১৯ জনই খেলেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে।

চোট শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছে নিয়মিত লেফটব্যাক অউব্রে মোদিবাকে। হ্যামস্ট্রিং সমস্যার কারণে মামেলোডি সানডাউনসের হয়ে সিএএফ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি তিনি।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শুরু করবে ১১ জুন সহ-স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে। গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়া। ১৮ জুন আটলান্টায় চেকদের মুখোমুখি হবে বাফানা বাফানা, ২৪ জুন মন্টেরেতে খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

৭৪ বছর বয়সী ব্রোস আগেই জানিয়েছেন, বিশ্বকাপের পর কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই বিশ্বকাপ তাঁর জন্যও বিদায়ী মঞ্চ। দল ঘোষণার পর ব্রোস বলেন, বাদ পড়াদের হতাশা তিনি বোঝেন, তবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁর আশা, তিনি সঠিক খেলোয়াড়দেরই বেছে নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা এর আগে তিনবার বিশ্বকাপে খেলেছে। ১৯৯৮ সালে অভিষেকের পর ২০০২ বিশ্বকাপেও অংশ নেয় তারা। ২০১০ সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করলেও তিনবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাফানা বাফানা।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল

গোলরক্ষক: রনওয়েন উইলিয়ামস, রিকার্ডো গস, সিফো চেইন

ডিফেন্ডার: খুলিসো মুদাউ, অউব্রে মোদিবা, খুলুমানি এনদামানে, ওলওয়েথু মাখানিয়া, ব্র্যাডলি ক্রস, থাবাং মাতুলুদি, এনকোসিনাথি সিবিসি, কামোগেলো সেবেলেবেলে, ইমে ওকন, সামুকেলে কাবিনি, এমবেকেজেলি এমবোকাজি

মিডফিল্ডার: তেবোহো মোকোয়েনা, জেডেন অ্যাডামস, থালেন্তে এমবাথা, স্ফেফেলো সিথোলে

ফরোয়ার্ড: অসউইন অ্যাপোলিস, সেপাং মোরেমি, এভিডেন্স মাকগোপা, রেলেবোহিলে মোফোকেং, লাইল ফস্টার, ইকরাম রেইনার্স, থেম্বা জওয়ানে, থাপেলো মাসেকো