logo

ফেভারিট না হওয়াকেই ব্রাজিলের সুবিধা দেখছেন কাসেমিরো

ফেভারিট না হওয়াকেই ব্রাজিলের সুবিধা দেখছেন কাসেমিরো
কাসেমিরো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে ব্রাজিলকে বড় ফেভারিট হিসেবে দেখছে না অনেকেই। তবে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না সেলেসাও অধিনায়ক কাসেমিরো। বরং ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডারের বিশ্বাস, ফেবারিটদের চেয়ে কিছুটা পেছনে থাকা দলকে আরও সতর্ক ও ক্ষুধার্ত রাখবে।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ। রেকর্ড ষষ্ঠ শিরোপার খোঁজে নামবে ব্রাজিল। তবে বেটিং কোম্পানিগুলোর হিসাবে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডের পেছনে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ফিফার মিডিয়া চ্যানেলকে কাসেমিরো বলেন, ব্রাজিল এবার সবচেয়ে বড় ফেভারিট নয়। তবে দল ভালো অবস্থায় আছে বলেও মনে করেন তিনি। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশ্রণে শক্তিশালী স্কোয়াড গড়েছে ব্রাজিল এমনটাই বলেছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।

কাসেমিরোর মতে, এবার হয়তো ব্রাজিল অন্য ফেভারিটদের তুলনায় এক ধাপ পেছনে। কিন্তু সেটিই দলকে সতর্ক রাখবে। তার বিশ্বাস, এমন মানসিক অবস্থান বিশ্বকাপে ভালো করার জন্য ইতিবাচক হতে পারে।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ব্রাজিলের সময়টা সহজ ছিল না। গত বছর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নতুন সভাপতি পায়, কোচের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। কোচ বদল, প্রশাসনিক পরিবর্তন ও নানা অস্থিরতার মধ্য দিয়ে বিশ্বকাপের পথে এগিয়েছে ব্রাজিল।

কাসেমিরোও সেই বাস্তবতা মেনে নিয়েছেন। তার ভাষায়, ব্রাজিলের এই চক্র কঠিন ছিল। কোচ বদলেছে, সভাপতি বদলেছে, অনেক অস্থিরতা ছিল। আনচেলত্তির অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে বাস্তবে তার সঙ্গে দল খুব বেশি সময় কাজ করার সুযোগ পায়নি।

কাসেমিরো জানিয়েছেন, আনচেলত্তির অধীনে সময়ের হিসাবে ব্রাজিল দল এক বছরের মতো কাজ করলেও মাঠের অনুশীলন ও সরাসরি প্রস্তুতির সময় খুব সীমিত। তার হিসাবে, কোচের সঙ্গে কার্যকরভাবে মাত্র ৪০ দিনের মতো কাজ করেছে দল।

তবু বিশ্বকাপের আগে ব্রাজিলকে ভালো অবস্থায় দেখছেন তিনি। কাসেমিরোর মতে, দলে মানসম্মত ফুটবলার আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে, আছে উদ্যমী ও তরুণ ফুটবলারও। এই মিশ্রণ বিশ্বকাপের মতো প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ভারসাম্য এনে দিতে পারে।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল খেলবে গ্রুপ সি-তে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ফেবারিট তকমা থাকুক বা না থাকুক, রেকর্ড ছয় নম্বর বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই উত্তর আমেরিকায় অভিযান শুরু করবে সেলেসাওরা।