logo
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতের কাছে বড় ব্যবধানে হেরে নেপালের সামনে বাংলাদেশ

ভারতের কাছে বড় ব্যবধানে হেরে নেপালের সামনে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে বড় হারে সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় মেয়েদের কাছে ৩–০ গোলে হেরেছে পিটার বাটলারের দল। ভারতের হয়ে গোল করেছেন পিয়ারি, লিন্ডা ও মালাভিকা।

ম্যাচের শুরুতে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করা আনিকা ভারতের বিপক্ষেও শুরুতেই ভালো অবস্থানে বল পেয়েছিলেন। তবে এবার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত।

প্রথমার্ধে বাংলাদেশের খেলায় ছিল ভুল পাসের ছড়াছড়ি। রক্ষণেও দেখা গেছে অস্থিরতা। ২৬ মিনিটে কর্নার থেকে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিল ভারত। ডি-বক্সে অরক্ষিত অবস্থায় থেকেও পিয়ারি হেড লক্ষ্যে রাখতে পারেননি। তবে ৩৫ মিনিটে আর ভুল করেননি তিনি। শরীর ঘুরিয়ে চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে ভারতকে এগিয়ে দেন পিয়ারি। ভারতের জার্সিতে এটি তাঁর ২০তম গোল।

বিরতির পর বাংলাদেশ চেষ্টা করলেও আক্রমণে ধার ছিল না। ৪৮ মিনিটে বাম দিক থেকে ভালো ক্রস এলেও বক্সে থাকা কেউ বলের নাগাল পাননি। ৫৭ মিনিটে ঋতুপর্ণা পিয়ারিকে কাটিয়ে ভেতরে ঢুকে ক্রস বাড়ান, কিন্তু সেটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

উল্টো দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় ভারত। ডি-বক্সে সুরমা জান্নাত মালাভিকাকে ফাউল করলে পেনাল্টি পায় ভারত। স্পটকিক থেকে গোল করেন লিন্ডা। মাঠে নামার পরপরই এর আগে লিন্ডার একটি জোরালো শট দারুণভাবে ঠেকিয়েছিলেন বাংলাদেশের গোলরক্ষক মিলি। তবে পেনাল্টিতে তাঁকে পরাস্ত করেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

শেষ দিকে বাংলাদেশের রক্ষণ আরও নড়বড়ে হয়ে পড়ে। ডান দিক থেকে আসা পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে ভারতের তৃতীয় গোল করেন মালাভিকা। এরপর আর ম্যাচে ফেরার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ।

এই হারে গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ফলে শেষ চারের লড়াইয়ে বাংলাদেশকে মুখোমুখি হতে হবে শক্তিশালী নেপালের। সাফ নারী চ্যাম্পিয়নশিপের গত সাত আসরের ছয়বারই ফাইনাল খেলা নেপাল এবারও শিরোপার অন্যতম দাবিক্ষা।