logo

সাত গোল হজমের পর মদ্রিচ: ‘২০ বছরে প্রথমবার লজ্জা লাগছে’

সাত গোল হজমের পর মদ্রিচ: ‘২০ বছরে প্রথমবার লজ্জা লাগছে’
লুুকা মদ্রিচ। ছবি: গেটি ইমেজ

ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর ক্রোয়েশিয়ার খেলার ধরন নিয়ে কঠোর সমালোচনা করেছেন লুকা মদ্রিচ। তার মতে, মাঠে লড়াই, আগ্রাসন ও একতা কিছুই দেখাতে পারেনি দল। জাতীয় দলের সঙ্গে ২০ বছরের পথচলায় কোনো ম্যাচ শেষে এবারই প্রথম লজ্জা অনুভব করছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক।

শনিবার রিয়েকায় উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে হেরেছে ক্রোয়েশিয়া। নিজেদের ইতিহাসে এত বড় ব্যবধানে আগে কখনো হারেনি তারা। প্রথমার্ধে চার গোলের পর বিরতির পর আরও তিনটি গোল হজম করে স্বাগতিকেরা।

ম্যাচ শেষে মদ্রিচ বলেন, ‘জাতীয় দলে ২০ বছর ধরে আছি। কোনো ম্যাচের পর এই প্রথম আমার লজ্জা লাগছে।’

ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন মদ্রিচ। তার আপত্তি ক্রোয়েশিয়ার হারের ধরনে। বহু বছরের পরিশ্রমে অর্জিত সুনাম এভাবে নষ্ট করা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি। বড় ব্যবধানে আগেও হেরেছেন, কিন্তু এই ম্যাচের পরের অনুভূতি তার কাছে সম্পূর্ণ আলাদা।

মদ্রিচের কথায়, মাঠে ক্রোয়েশিয়াকে দেখে মনে হচ্ছিল চার-পাঁচজন কম নিয়ে খেলছে দলটি। এক বা দুই খেলোয়াড় কম থাকলেও এমন ফুটবল খেলা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। এই ব্যর্থতার দায় থেকে দলের কাউকেই বাইরে রাখেননি অধিনায়ক।

এমন রাতের পরও একে অন্যকে দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন মদ্রিচ। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে থাকতে হবে, যেমন সব সময় ছিলাম।’ তার মতে, দলের জেদ, গর্ব ও একতা এক রাতেই হারিয়ে যেতে পারে না। আরও কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে তাঁদের; এবারও নিজেদের সামলে মাঠে তার প্রমাণ দিতে হবে।

ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচও হারের দায় নিয়েছেন। জানিয়েছেন, বিরতিতে ঘুরে দাঁড়ানোর আশা করছিলেন না তিনি। তখনকার ৪-০ ব্যবধানেই ম্যাচ শেষ হওয়া মেনে নিতেন। তার মতে, এই ম্যাচ ভুলে যাওয়ার বদলে মনে রাখা প্রয়োজন, পরের ম্যাচে নিজেদের প্রমাণ করতে হবে খেলোয়াড়দের।

ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে বেশি অপেক্ষা করতে হচ্ছে না ক্রোয়েশিয়াকে। আগামী মঙ্গলবার, ৬ অক্টোবর স্প্লিটে তাদের প্রতিপক্ষ স্পেন। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে আছে ক্রোয়াটরা। মদ্রিচ চাইছেন, সেই ম্যাচে দল দেখাক তাদের লড়াই করার ইচ্ছা ও একতা এখনো অটুট।