logo
Advertisement

অনিশ্চয়তা পেরিয়ে আজ শুরু বাংলাদেশ ফুটবল লিগ

অনিশ্চয়তা পেরিয়ে আজ শুরু বাংলাদেশ ফুটবল লিগ
বাংলাদেশ ফুটবল লিগের লোগা। ছবি: বিফএলের ফেসবুক পেজ

শুরুর তারিখ নিয়ে ছিল অনিশ্চয়তা, প্রস্তুতির সময় নিয়েও আপত্তি জানিয়েছিল অধিকাংশ ক্লাব। জাতীয় দলের ফুটবলারদের পাওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। সবকিছুর মধ্যেই আজ মাঠে গড়াচ্ছে ২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ। প্রথম দিন দেশের পাঁচ ভেন্যুতে হবে পাঁচ ম্যাচ।

সব ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়। গাজীরপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ সিটি ক্লাব। চাঁদপুরে মুখোমুখি হবে ফকিরেরপুল ইয়ংমেন্স ও ঢাকা ওয়ান্ডারার্স। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের বিপক্ষে খেলবে চট্টগ্রাম সিটি, আর মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লিউডির প্রতিপক্ষ আবাহনী।

গত মৌসুমের ১০ দলের জায়গায় এবার লিগে অংশ নিচ্ছে ১৩টি ক্লাব। দলবদলে মোট ৪৪৫ ফুটবলার নিবন্ধন করেছে ক্লাবগুলো, যাদের মধ্যে বিদেশি ৬৫ জন। নতুন দল যোগ হওয়ায় সাম্প্রতিক মৌসুমগুলোর তুলনায় এবার লিগের পরিধিও বেড়েছে।

তবে মাঠের লড়াই শুরুর আগেই আলোচনায় ছিল সূচি। আসিয়ান কাপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প চলায় লিগ ও ফেডারেশন কাপ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল ১০টি ক্লাব। তাদের যুক্তি ছিল, গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়া ঘরোয়া প্রতিযোগিতায় নামতে হলে দলগুলো ক্ষতিগ্রস্ত হবে। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

প্রস্তুতির সময় নিয়েও সব ক্লাবের অবস্থা এক নয়। ফর্টিস, বাংলাদেশ পুলিশ ও সিটি ক্লাব সাত থেকে আট সপ্তাহ প্রস্তুতির সুযোগ পেলেও আবাহনী, রহমতগঞ্জের প্রস্তুতি দুই সপ্তাহেরও কম। ফকিরেরপুল ও ওয়ান্ডারার্স অনুশীলন করেছে মাত্র কয়েক দিন। ব্রাদার্স ও চট্টগ্রাম সিটিও একেবারে শেষ মুহূর্তে অনুশীলন শুরু করেছে।

সবচেয়ে বেশি জাতীয় দলের ফুটবলার থাকা মোহামেডান আজ মাঠে নামছে না। উদ্বোধনী রাউন্ডে ম্যাচ নেই তাদের। জাতীয় দলের ক্যাম্পে থাকা নিজেদের নয় ফুটবলারকে ফেরত চেয়ে এর আগে বাফুফেকে চিঠিও দিয়েছিল ক্লাবটি। ২৫ সেপ্টেম্বরের লিগ ম্যাচ এবং ২৯ সেপ্টেম্বরের ফেডারেশন কাপ ম্যাচ পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছে তারা।

বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অভিযান শুরু হবে শনিবার। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। গত মে মাসে আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল কিংস।

লিগ শুরুর চার দিন পর, ২২ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ। ফলে মৌসুমের শুরু থেকেই ব্যস্ত সূচির মধ্যে পড়তে যাচ্ছে দেশের শীর্ষ ক্লাবগুলো।