Advertisement

বাবার শেষবিদায়েও ড্রোনের নজরদারি, ক্ষুব্ধ মেসি পরিবার

এশিয়া পোস্ট স্পোর্টস
বাবার শেষবিদায়েও ড্রোনের নজরদারি, ক্ষুব্ধ মেসি পরিবার
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বাবা হোর্হে মেসিকে একান্ত পারিবারিক পরিবেশে শেষবিদায় জানাতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু কড়া নিরাপত্তার মধ্যেও রক্ষা করা গেল না সেই ব্যক্তিগত মুহূর্ত। রোজারিওর এল প্রাদো কবরস্থানের ওপর ড্রোন উড়িয়ে মেসি ও তার পরিবারের ছবি ধারণের চেষ্টা চালায় বুয়েনস এইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল।

Advertisement

রোজারিওর স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতাল, শনিবার রাতে টিএন, লা নাসিওন প্লাস ও সি৫এনের ড্রোন কবরস্থানের ওপর ঘুরতে দেখা যায়। ড্রোনের ক্যামেরায় কবরস্থানের ভেতরে মেসি ও তার পরিবারের গতিবিধিও অনুসরণ করা হচ্ছিল বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

ঘটনাটি নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করে মেসির পরিবার। ড্রোন ওড়ানো বন্ধে পরিবারের প্রতিনিধিরা সান্তা ফে প্রাদেশিক সরকার, নিরাপত্তা মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর কবরস্থান ও আশপাশের এলাকায় আনুষ্ঠানিকভাবে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়। বাড়ানো হয় ব্যক্তিগত ও পুলিশি নিরাপত্তাও।

স্থানীয় সময় শনিবার দুপুর থেকেই এল প্রাদো কবরস্থানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। শুধু আগে থেকে অনুমতি পাওয়া গাড়িগুলোকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। ড্রোন শনাক্ত হওয়ার পর কবরস্থানের আকাশসীমার নিরাপত্তাও জোরদার করা হয়।

ব্যক্তিগত শোকের মুহূর্তে এভাবে ক্যামেরা পাঠানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই একে সাংবাদিকতার নৈতিক সীমা লঙ্ঘন হিসেবে উল্লেখ করে মেসি পরিবারকে শান্তিতে শোক পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে রোজারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে বিশেষ বিমানে রোজারিও পৌঁছান মেসি।

রোববার দুপুরে এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাইবোন ও পরিবারের ঘনিষ্ঠজনেরা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, লিওনেল স্কালোনির কোচিং দল ও নিউয়েলস ওল্ড বয়েজের পক্ষ থেকেও পাঠানো হয়েছিল ফুলের তোড়া।

বাবার শেষবিদায়েও ড্রোনের নজরদারি, ক্ষুব্ধ মেসি পরিবার