পাঁচ গোলে শুরু জুভেন্টাসের, ইতিহাস গড়ল বোর্নমাউথ

ইউরোপা লিগের নতুন মৌসুম শুরুতেই গোলের উৎসব করেছে জুভেন্টাস। নেদারল্যান্ডসের এনইসি নাইমেগেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। আর নিজেদের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান ম্যাচ খেলতে নেমেই রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-১ গোলের স্মরণীয় জয় পেয়েছে বোর্নমাউথ।
তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে জুভেন্টাসের পাঁচ গোল করেছেন পাঁচজন। নবম মিনিটে নিকো গনসালেসের গোলে এগিয়ে যায় লুসিয়ানো স্পালেত্তির দল। এনইসি গোলরক্ষক নিকোলাস পলস্টারের ভুল কাজে লাগিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেরিম আলায়বেগোভিচ। ওয়েস্টন ম্যাককেনির সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সের বাইরে থেকে তাঁর শট ঠেকানোর সুযোগ পাননি পলস্টার। ৩৫ মিনিটে গনসালেসকে ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পটকিক থেকে নিক ভলতেমাদে করেন ৩-০।
বিরতির পরও জুভেন্টাসের দাপট কমেনি। ৭৫ মিনিটে রান্দাল কোলো মুয়ানির পাস থেকে জেকি চেলিক চতুর্থ গোল করেন। সাত মিনিট পর প্রতিপক্ষ গোলরক্ষকের আরেকটি ভুল কাজে লাগিয়ে পঞ্চম গোলটি করেন কোলো মুয়ানি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে না পারায় এবার ইউরোপা লিগে খেলছে জুভেন্টাস। ইউরোপের দ্বিতীয় সারির এই প্রতিযোগিতায় অবশ্য তাদের ঐতিহ্য সমৃদ্ধ। উয়েফা কাপ ও ইউরোপা লিগ মিলিয়ে তিনবার শিরোপা জিতেছে তারা। সর্বশেষ ইউরোপিয়ান ট্রফি এসেছিল ১৯৯৩ সালে।
একই রাতে আরও ঐতিহাসিক মুহূর্ত এসেছে বোর্নমাউথের জন্য। ক্লাবের ইতিহাসে প্রথমবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে নেমে স্পেনের সান সেবাস্তিয়ানে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।
১১ মিনিটে বোর্নমাউথের ইউরোপিয়ান ইতিহাসের প্রথম গোলটি করেন জাস্টিন ক্লুইভার্ট। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। ২০ মিনিটে হেডে ব্যবধান ২-০ করেন রায়ান।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে সের্হিও গোমেসের গোলে ব্যবধান কমায় সোসিয়েদাদ। এরপর স্বাগতিকরা চাপ বাড়ালেও গোলরক্ষক জর্জে পেত্রোভিচের কয়েকটি গুরুত্বপূর্ণ সেভে প্রথম ইউরোপিয়ান ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে বোর্নমাউথ।
জয়ের পর বোর্নমাউথ কোচ মার্কো রোজ বলেন, ‘আমাদের প্রথম ইউরোপিয়ান ম্যাচে এটি অসাধারণ এক জয়। ক্লাব এবং বোর্নমাউথ থেকে আসা দুই হাজার সমর্থকের জন্যও এটি দুর্দান্ত।’
ইউরোপা লিগের একই রাতে ক্রিস্টাল প্যালেস ৪-০ গোলে লেচ পোজনানকে হারিয়েছে। বেসিকতাসের মাঠে মার্শেই হেরেছে ৪-১ গোলে, আর ঘরের মাঠে ফেরেনৎসভারোশের কাছে সেল্টিক হেরেছে ৩-১ ব্যবধানে।


