ফিফা কংগ্রেসে ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনা

ফিফা কংগ্রেসের মঞ্চে ফিলিস্তিন ও ইসরায়েল ফুটবল প্রতিনিধিদের ঘিরে তৈরি হলো উত্তপ্ত পরিস্থিতি। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজৌব ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলিমানকে পাশে নিয়ে দাঁড়াতে বা করমর্দন করতে অস্বীকৃতি জানান।
কানাডার ভ্যাঙ্কুভারে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে দুই প্রতিনিধিকে মঞ্চে ডাকেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি রাজৌবকে সুলিমানের কাছে যেতে ইঙ্গিত করলেও ফিলিস্তিন ফুটবল প্রধান তাতে সাড়া দেননি।
ঘটনার পর রয়টার্সকে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুসান শালাবি জানান, রাজৌব করমর্দন করতে চাননি কারণ তার ভাষায়, ইসরায়েল যাকে সামনে এনেছে, তিনি তাদের অবস্থানকে আড়াল করার চেষ্টা করছেন। শালাবি বলেন, ফিলিস্তিনিরা ভুগছে, এমন অবস্থায় প্রতীকী করমর্দন তাদের বক্তব্যের উদ্দেশ্যকেই দুর্বল করে দিত।
ইসরায়েল অবশ্য গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।
পরিস্থিতি সামাল দিতে ইনফান্তিনো বলেন, দুই পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, বিশেষ করে শিশুদের আশার জন্য। বিষয়গুলো জটিল বলেও মন্তব্য করেন তিনি।
তবে ফিলিস্তিনি পক্ষের দাবি, ইনফান্তিনোর করমর্দনের চেষ্টা রাজৌবের বক্তব্যের গভীরতাকে যথাযথ গুরুত্ব দেয়নি। শালাবির মতে, রাজৌব দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা করেছিলেন কেন ফুটবলের নিয়ম ও সদস্য অ্যাসোসিয়েশনের অধিকার গুরুত্বপূর্ণ, এবং কেন ওয়েস্ট ব্যাংকের বসতি এলাকায় অবস্থিত ক্লাবগুলোকে ইসরায়েলি লিগে খেলতে দেওয়ার বিষয়টি বড় প্রশ্ন তৈরি করে। সেই বক্তব্যের পরই করমর্দনের চাপ তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে।
রাজৌব নিজেও পরে বলেন, তিনি এখনও আইনি প্রক্রিয়াকে সম্মান করেন, তবে তার মতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার সময় এসেছে। তিনি দ্বৈত নীতির অবসান চান বলেও মন্তব্য করেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ওয়েস্ট ব্যাংকের বসতি এলাকায় থাকা ক্লাবগুলো ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের অধীন লিগে খেলতে পারে না। ফিলিস্তিনিরা ওয়েস্ট ব্যাংককে ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দেখে। তবে ফিফা গত মাসে জানায়, আন্তর্জাতিক আইনের অধীনে ওয়েস্ট ব্যাংকের আইনি অবস্থান অমীমাংসিত থাকায় ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন বা সংশ্লিষ্ট ক্লাবগুলোর বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে না।
এর বিরুদ্ধে গত সপ্তাহে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।
কংগ্রেস শেষে ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টার ছাড়ার সময় রাজৌব ও শালাবিকে কয়েকজন বিক্ষোভকারীর মুখোমুখি হতে হয়। বিক্ষোভকারীরা ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি তুলছিলেন। তাদের দাবি, ইরান দল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রতিনিধিত্ব করে। জবাবে রাজৌব বলেন, তারা কাউকে সমর্থন করছেন না; তারা শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান।