বিদায়ের দুই দিন পরই মায়ামির অনুশীলনে মেসি

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর বিশ্রামে বেশি সময় কাটালেন না লিওনেল মেসি। বুয়েনস এইরেসে আবেগঘন বিদায়ের দুই দিন পরই ফিরে গেছেন ইন্টার মায়ামির অনুশীলনে।
জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে তাঁর সামনে এখনো বড় চ্যালেঞ্জ। গত বছরের এমএলএস কাপজয়ী মায়ামি এবার শিরোপা ধরে রাখতে চাইছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মায়ামির অনুশীলনে যোগ দেন ৩৯ বছর বয়সী মেসি। তার সঙ্গে ফিরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পলও। অনুশীলনে মেসিকে বেশ হাসিখুশি দেখা গেছে। লুইস সুয়ারেজের সঙ্গে তার ছবি প্রকাশ করে মায়ামি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘সব নজর শনিবারের দিকে।’
গত মঙ্গলবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান মেসি। ম্যাচ শেষে আবেগঘন পরিবেশে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।
তবে ক্লাব ফুটবলে ফেরার পর মেসির সামনে কাজটা সহজ নয়। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে পিছিয়ে ১৪ পয়েন্টে। আগস্টের শুরু থেকে লিগে খেলা সর্বশেষ ১০ ম্যাচের মাত্র একটিতে জিতেছে দলটি।
এর মধ্যেই শনিবার ঘরের মাঠ নু স্টেডিয়ামে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (১১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায়। আর্জেন্টিনা থেকে ফেরার পর এটিই হতে পারে মেসির প্রথম ম্যাচ।
দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও ব্যক্তিগতভাবে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। চলতি এমএলএস মৌসুমে ২৪ ম্যাচে ২১ গোল করেছেন মেসি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি। গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে আছেন তিনি, আর গোলে সহায়তায় যৌথভাবে সবার ওপরে।
গত বছর প্রথমবার এমএলএস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। এবার সেই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। কোচ কিলি গঞ্জালেসের দলের সামনে নিয়মিত মৌসুমের আরও সাত ম্যাচ। প্রথম সাত দলের মধ্যে থেকে সরাসরি প্লে-অফের মূল পর্বে জায়গা নিশ্চিত করাই আপাতত লক্ষ্য।
