logo
Advertisement

জাতীয় দলকে বিদায় বললেন হামেস রদ্রিগেজ

জাতীয় দলকে বিদায় বললেন হামেস রদ্রিগেজ
হামেস রদ্রিগেজ। ছবি: ফক্স স্পোর্টস

কলম্বিয়ার জার্সিতে ১৫ বছরের পথচলার ইতি টানলেন হামেস রদ্রিগেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন তিনি।

২০১১ সালে কলম্বিয়ার সিনিয়র দলে অভিষেক হয়েছিল হামেসের। এরপর দেশের হয়ে খেলেছেন ১৩১ ম্যাচ, করেছেন ৩১ গোল। রাদামেল ফালকাওয়ের ৩৬ গোলের পর কলম্বিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন তিনি।

বিদায়ী বার্তায় হামেস বলেন, ‘অনেক বছর, অনেক ম্যাচ, অনেক আনন্দ আর কঠিন সময়ের পর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি শেষ করার সময় এসেছে।’

কলম্বিয়ার হয়ে হামেসের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ২০১৪ বিশ্বকাপ। ব্রাজিলে পাঁচ ম্যাচে ছয় গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে তার দুর্দান্ত ভলিটি সেই বিশ্বকাপের অন্যতম স্মরণীয় গোল হয়ে আছে। হামেসের নৈপুণ্যে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও উঠেছিল কলম্বিয়া।

২০১৪, ২০১৮ ও ২০২৬, তিনটি বিশ্বকাপে খেলেছেন হামেস। ২০২৪ কোপা আমেরিকায়ও কলম্বিয়াকে ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল তার। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে, যেখানে টাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া।

বিদায়ের সময় কোনো আক্ষেপ নেই বলেই জানিয়েছেন হামেস, ‘আমি শান্ত মনে বিদায় নিচ্ছি, কারণ জানি আমি আমার সবকিছু দিয়েছি। প্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ। ধন্যবাদ, কলম্বিয়া।’

জাতীয় দলকে বিদায় বললেও এখনই বুটজোড়া তুলে রাখছেন না সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সম্প্রতি দেশে ফিরে আতলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত।