Advertisement

পিএসজির নতুন ‘সহকারী’ গুগলের এআই

এশিয়া পোস্ট স্পোর্টস
পিএসজির নতুন ‘সহকারী’ গুগলের এআই
পিএসজি ক্রেস্ট। ছবি: এএক্স

পিএসজির তারকাবহুল দলে যোগ হলো নতুন এক ‘সহকারী’। তবে তাকে দেখা যাবে না লুইস এনরিকের ডাগআউটে কিংবা অনুশীলনের মাঠে। ফরাসি ক্লাবটির আনুষ্ঠানিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী হচ্ছে গুগলের জেমিনি।

সোমবার গুগলের সঙ্গে নতুন অংশীদারত্বের ঘোষণা দিয়েছে ফ্রান্সের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। চুক্তির আওতায় জেমিনি হবে ক্লাবটির আনুষ্ঠানিক এআই সহকারী। পাশাপাশি গুগল পিক্সেলকে পিএসজির আনুষ্ঠানিক স্মার্টফোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

নতুন এই অংশীদারত্ব শুধু অনলাইন কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবে না। প্যারিসে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে গুগলের জন্য আলাদা একটি জায়গাও তৈরি করা হবে।

জেমিনিকে ঠিক কোন কোন কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পিএসজি। তবে আধুনিক ফুটবলে খেলোয়াড় ও দলের বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, সমর্থকদের জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ধরনের আধেয় তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে।

পিএসজিও জেমিনির মাধ্যমে নিজেদের বৈশ্বিক সমর্থকদের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর সুযোগ পাবে। ম্যাচের তথ্য উপস্থাপন, ডিজিটাল প্রচারণা এবং সমর্থকদের জন্য সৃজনশীল আধেয় তৈরিতে গুগলের এই প্রযুক্তি কাজে লাগতে পারে।

ক্রীড়াঙ্গনে প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রবেশ অবশ্য নতুন নয়। ২০২৫ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে মাইক্রোসফট। সেই চুক্তির আওতায় ম্যাচের তাৎক্ষণিক তথ্য ও পরিসংখ্যান দিতে লিগের ডিজিটাল মাধ্যমগুলোতে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার গুগলের সঙ্গে হাত মিলিয়ে সেই প্রযুক্তিনির্ভর পথেই আরও এক ধাপ এগোল গত মৌসুমের ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি।