logo

ভুল হাঁটুতে পরীক্ষার দাবি উড়িয়ে দিলেন এমবাপ্পে

ভুল হাঁটুতে পরীক্ষার দাবি উড়িয়ে দিলেন এমবাপ্পে

চোট নিয়ে বিতর্কের মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করলেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের মেডিকেল টিম ভুল হাঁটুতে পরীক্ষা করেছে—এমন খবর সরাসরি অস্বীকার করেছেন এই ফরাসি তারকা।

সম্প্রতি ফরাসি ও স্প্যানিশ গণমাধ্যমে দাবি করা হয়, এমবাপ্পের বাম হাঁটুর লিগামেন্টের আংশিক চোট সঠিকভাবে ধরা পড়েনি। কারণ, ভুলবশত ডান হাঁটু পরীক্ষা করা হয়েছিল। তবে এই তথ্যকে ‘সম্পূর্ণ ভুল’ বলে উল্লেখ করেছেন এমবাপ্পে।

তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ভুল হাঁটু পরীক্ষা করেছে—এটা সত্য নয়। হয়তো আমি কিছুটা দায়ী। কারণ আমি নিজের অবস্থা নিয়ে সবসময় খোলামেলা কথা বলিনি, ফলে নানা ব্যাখ্যার সুযোগ তৈরি হয়েছে।’

চোটের সময়টাও ব্যাখ্যা করেন তিনি। ডিসেম্বরের শুরুতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে প্রথম এই চোট পান এমবাপ্পে। এরপর কয়েকটি ম্যাচ খেললেও পরে হাঁটুর মচকানোর বিষয়টি নিশ্চিত হয় এবং তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়।

চিকিৎসা নিয়ে কোনো সমস্যা ছিল না বলেও জানিয়েছেন তিনি। ‘মাদ্রিদ ও প্যারিস—দুই জায়গাতেই ক্লাবের চিকিৎসক, ফিজিও ও ট্রেনারদের সঙ্গে নিয়মিত কাজ করেছি। এ নিয়ে কোনো সমস্যা ছিল না,’—যোগ করেন এমবাপ্পে।

বর্তমানে নিজের ফিটনেস নিয়েও আশাবাদী এই ফরোয়ার্ড। ‘এখন আমি ভালো অনুভব করছি, বিশেষ করে দুই হাঁটু নিয়েই। আমি পুরোপুরি প্রস্তুত,’ বলেন তিনি। 

সব মিলিয়ে, চোট নিয়ে ছড়ানো গুঞ্জনের জবাব দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এমবাপ্পে—তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক চলছে, তার বেশিরভাগই ভিত্তিহীন। 

সূত্র: ইএসপিএন