চার ফুটবলারকে ফিরিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাফুফের

জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের নারী ফুটবলের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পিটার বাটলারের দলে ফিরেছেন মুনকি আক্তার, নবীরণ খাতুন, আইরিন খাতুন ও মোছাম্মৎ সুলতানা।
গত মে মাসে সাফ নারী চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন না এই চার ফুটবলার। হাঁটুর গুরুতর চোটের কারণে সেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া নবীরণের দলে ফেরা বাংলাদেশের রক্ষণের জন্য স্বস্তির খবর।
সাফের দল থেকে এবার জায়গা হয়নি হালিমা আক্তার, সুরমা জান্নাত, উমেহ্লা মারমা ও সৌরভী আকন্দ প্রীতির। গোলকিপার হিসেবে রাখা হয়েছে রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তারকে।
এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। আগামী ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল-সবুজরা। এরপর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২১ সেপ্টেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
দলের প্রধান কোচ হিসেবে থাকছেন পিটার জেমস বাটলার। সহকারী কোচের দায়িত্বে আবুল হোসেন ও লিনা চাকমা। গোলকিপিং কোচ মাসুদ আহমেদ এবং শক্তি ও শারীরিক সক্ষমতার কোচ হিসেবে থাকছেন ক্যামেরন নিকোলাস লর্ড।
বাংলাদেশ দল
গোলকিপার: রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল ও মাইলি আক্তার।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন ও নবীরণ খাতুন।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী ও মুনকি আক্তার।
ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোছাম্মৎ সুলতানা।


