Advertisement

নিলামে উঠছে মেসির শৈশবের প্রথম জার্সি

এশিয়া পোস্ট নিউজ
নিলামে উঠছে মেসির শৈশবের প্রথম জার্সি

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির শৈশবে পরা প্রথম জার্সিটি এবার নিলামে উঠছে। আর্জেন্টিনার রোজারিও শহরের ক্লাব আবানদেরাদো গ্রান্দোলিতে মাত্র পাঁচ বছর বয়সে খেলাকালীন যে জার্সিটি পরেছিলেন মেসি, সেটিই বিক্রি করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা নিলাম আয়োজক কেন গোল্ডিন। ধারণা করা হচ্ছে, জার্সিটির দাম এক মিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি উঠতে পারে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ২০ লাখ টাকার সমান (১ ডলার = ১২২ টাকা হিসেবে)।

লাল-সাদা ডোরাকাটা ওই জার্সিটি ১৯৯৩ সালে মেসির ফুটবল জীবনের একেবারে শুরুর সময়ের স্মারক। এটি সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ King of Collectibles: The Goldin Touch–এর তৃতীয় সিজনে প্রদর্শিত হয়, যেখানে বিরল ক্রীড়া–স্মারক সংগ্রহ ও নিলামের গল্প তুলে ধরা হয়। যদিও এখনো নিলামের সুনির্দিষ্ট তারিখ ও প্রারম্ভিক মূল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবু বিশেষজ্ঞদের মতে এর মূল্য কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

শিশু বয়সের সেই টুর্নামেন্টের পর মেসির কোচ পাবলো আলফিয়েরি জার্সিটি নিজের কাছে সংরক্ষণ করেন। পরবর্তীতে তার ছেলে ও নাতির কাছেও এটি পারিবারিক স্মারক হিসেবে রয়ে যায়। দীর্ঘদিন পরিবারের কাছেই থাকা জার্সিটি এবার প্রথমবারের মতো জনসমক্ষে বিক্রির জন্য তোলা হচ্ছে।

মেসির ব্যবহৃত জার্সি বা স্মারকের বাজারমূল্য আগেও রেকর্ড গড়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের হয়ে পরা তার ছয়টি জার্সি ২০২৩ সালের ডিসেম্বরে বিক্রি হয়েছিল প্রায় ৭.৮ মিলিয়ন ডলারে। একই বছর বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের ৫০০তম গোল করার ম্যাচে পরা ঐতিহাসিক জার্সিটিও এক সংগ্রাহক কিনেছিলেন প্রায় ৪ লাখ ৫০ হাজার ডলারে।