logo

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে সংশয়

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে সংশয়
বুরকিনা ফাসো দল। ছবি: কনকাফ

আর মাত্র একটি ম্যাচ, তারপর লিওনেল মেসির বিদায়ের রাত। কিন্তু সেই বিশেষ ম্যাচের আগে আর্জেন্টিনার সূচিতে থাকা বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচটিই পড়ে গিয়েছিল বড় অনিশ্চয়তায়। প্রতিপক্ষ দল মরক্কোয় আটকে থাকায় একপর্যায়ে ম্যাচ বাতিল হওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল।

শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি বদলেছে। নতুন ফ্লাইটের ব্যবস্থা হওয়ায় বুরকিনা ফাসোর দল আর্জেন্টিনার উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে শনিবার ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগেই বুয়েনস এইরেসে পৌঁছাবে আফ্রিকান দলটি। ফলে এখন পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়নি।

শনিবার স্থানীয় সময় রাত ৯টায় বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনার।

সমস্যার শুরু বুরকিনা ফাসোর যাত্রা নিয়ে।

আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচ শেষে মরক্কোয় ছিল দলটি। পরিকল্পনা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর সেখান থেকে বুয়েনস এইরেসে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনের দাবি, কোনো আগাম নোটিশ ছাড়াই তাদের জন্য নির্ধারিত চার্টার ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। ফলে পুরো দল আটকে পড়ে কাসাব্লাঙ্কায়।

এরপর বিকল্প ফ্লাইট খুঁজতে শুরু করে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়, ফুটবল ফেডারেশন ও মরক্কোয় থাকা দূতাবাস।

তবে সমস্যাটা শুধু নতুন উড়োজাহাজ খোঁজাতেই সীমাবদ্ধ ছিল না। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে ম্যাচের ঠিক আগে বুয়েনস এইরেসে পৌঁছে মাঠে নামা নিয়েও আপত্তি ছিল কয়েকজন ফুটবলারের। বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনও জানিয়েছিল, ভ্রমণের সময় ও ম্যাচের মধ্যে ব্যবধান খুব কম হওয়ায় খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

এ কারণেই শুক্রবার পর্যন্ত ম্যাচটি আদৌ হবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

এমনকি বুরকিনা ফাসো সময়মতো পৌঁছাতে না পারলে আর্জেন্টিনার প্রতিপক্ষ বদলে বেনিনকে শনিবার খেলানো এবং বুরকিনা ফাসোকে মঙ্গলবার মাঠে নামানোর সম্ভাবনাও আলোচনায় এসেছিল। তবে বেনিনের পক্ষ থেকে এমন পরিবর্তনের কোনো সমঝোতার কথা অস্বীকার করা হয়।

শেষ পর্যন্ত নতুন চার্টার ফ্লাইটের ব্যবস্থা হওয়ায় আপাতত সেই আশঙ্কা অনেকটাই কেটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুরকিনা ফাসোর দল ম্যাচের দিনই বুয়েনস এইরেসে পৌঁছাবে এবং এরপর কয়েক ঘণ্টার মধ্যেই মনুমেন্তালে মাঠে নামতে হবে তাদের।

আর্জেন্টিনার জন্য ম্যাচটি এই আন্তর্জাতিক বিরতিতে দ্বিতীয় প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। এরপর বুরকিনা ফাসো এবং সবশেষ ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা।

শেষ ম্যাচটিই হবে বিশেষ।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসি বেনিনের বিপক্ষে মনুমেন্তালে আরেকবার আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবেন। সেটিই হবে তার আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ।

বুরকিনা ফাসোর বিপক্ষে অবশ্য খেলবেন না মেসি। স্কালোনির সঙ্গে সমঝোতা অনুযায়ী এই আন্তর্জাতিক বিরতিতে শুধু বেনিনের বিপক্ষে নিজের শেষ ম্যাচটিতেই মাঠে নামবেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

তাই মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচটি একসময় বাতিলের মুখে পড়লেও, শেষ মুহূর্তের সমাধানে আপাতত সেটি মাঠে গড়ানোর পথেই।