প্রিমিয়ার লিগে আসছে নতুন নিয়ম

চোটের অজুহাতে গোলকিপারকে বসিয়ে খেলার গতি নষ্ট করা কিংবা খেলোয়াড়দের ডেকে কৌশল বুঝিয়ে দেওয়ার সুযোগ বন্ধ করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইংলিশ ফুটবল। ২০২৬-২৭ মৌসুমে প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের পেশাদার প্রতিযোগিতাগুলোয় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে গোলকিপারের চিকিৎসাসংক্রান্ত নতুন নিয়ম।
নিয়ম অনুযায়ী, গোলকিপারের চোটের কারণে খেলা থামিয়ে মাঠে চিকিৎসক ডাকা হলে তার দলের একজন মাঠের খেলোয়াড়কে বাইরে চলে যেতে হবে। খেলা পুনরায় শুরুর পর অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে ওই খেলোয়াড়কে। ফলে এই সময়ে গোলকিপারসহ ১০ জন নিয়ে খেলতে হবে দলটিকে।
কোন খেলোয়াড় মাঠ ছাড়বেন, তা ঠিক করবেন দলের কোচ। গোলকিপারকে চিকিৎসা দেওয়ার সংকেত দেওয়ার পর সিদ্ধান্ত নিতে ১০ সেকেন্ড সময় পাবেন তিনি। নির্ধারিত সময়ে কাউকে বেছে না নিলে দলের অধিনায়ককেই মাঠের বাইরে পাঠাবেন রেফারি।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের অনুমোদন পেয়েছে পরীক্ষামূলক নিয়মটি। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন, প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ, ন্যাশনাল লিগ, উইমেনস সুপার লিগ ও ম্যাচ পরিচালনাকারী সংস্থা প্রো রেফ যৌথভাবে এটি কার্যকর করবে।
তবে গোলকিপারের সব ধরনের চিকিৎসার ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য হবে না। প্রতিপক্ষের ফাউলের কারণে গোলকিপার আহত হলে এবং সেই অপরাধের জন্য ফ্রি কিক দেওয়া হলে কোনো সতীর্থকে মাঠ ছাড়তে হবে না। গোলকিপার ও মাঠের অন্য কোনো খেলোয়াড়ের সংঘর্ষে দুজনেরই চিকিৎসা প্রয়োজন হলে কিংবা গোলকিপারের রক্তপাত হলেও নিয়মটিতে ছাড় পাওয়া যাবে।
সাম্প্রতিক সময়ে গোলকিপারের চোটকে কৌশলগত বিরতি হিসেবে ব্যবহারের অভিযোগ বেড়েছে। অনেক ক্ষেত্রে প্রতিপক্ষের সঙ্গে কোনো সংঘর্ষ ছাড়াই গোলকিপার চিকিৎসা চাওয়ায় খেলা থেমে যায়। সেই বিরতিতে অন্য খেলোয়াড়েরা মাঠের পাশে গিয়ে কোচের কাছ থেকে নির্দেশনা নেওয়ার সুযোগ পান। এতে প্রতিপক্ষের আক্রমণের গতি ও ম্যাচের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়।
নতুন ব্যবস্থার উদ্দেশ্য প্রকৃত চোট পাওয়া গোলকিপারের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি বিরতি থেকে কোনো দল যেন কৌশলগত সুবিধা নিতে না পারে, সেটিও নিশ্চিত করা।
১ আগস্ট লিগ কাপের প্রাথমিক পর্ব দিয়ে নিয়মটির প্রয়োগ শুরু হবে। পুরো মৌসুম এটি পর্যবেক্ষণ করবে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ ও আইএফএবি। সময় নষ্ট ঠেকাতে এবার থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রে পাঁচ সেকেন্ডের গণনা এবং বদলি খেলোয়াড়ের মাঠ ছাড়ার জন্য ১০ সেকেন্ডের সীমাও কার্যকর হচ্ছে।
.png)





