২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল ল্যাম্পার্ডের কোভেন্ট্রি সিটি

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে কোভেন্ট্রি সিটি। চ্যাম্পিয়নশিপে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেই নিশ্চিত হয়েছে তাদের প্রমোশন।
শীর্ষ লিগে ফেরার জন্য এই ম্যাচে মাত্র এক পয়েন্টই প্রয়োজন ছিল কোভেন্ট্রির। তবে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে তারা, যখন রিওয়া মরিশিতা গোল করে এগিয়ে দেন ব্ল্যাকবার্নকে। শেষ দিকে ৮৪তম মিনিটে ববি থমাসের হেডে সমতা ফেরায় কোভেন্ট্রি, যা শেষ পর্যন্ত তাদের প্রিমিয়ার লিগে ফেরার টিকিট নিশ্চিত করে।
১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিল কোভেন্ট্রি। কিন্তু ২০০০-০১ মৌসুমে অবনমনের পর আর শীর্ষ লিগে ফেরা হয়নি তাদের।
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল দলটি। কয়েক বছর আগেও তারা নেমে গিয়েছিল ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই সাফল্য অর্জন নিঃসন্দেহে বড় অর্জন।
২০২৩ সালে প্লে-অফ ফাইনালে হারের হতাশা পেরিয়ে এবার তারা সরাসরি প্রমোশন নিশ্চিত করেছে, তাও আবার হাতে তিন ম্যাচ রেখে।
ম্যাচ শেষে ল্যাম্পার্ড বলেন, এটি ক্লাবের জন্য বিশেষ এক মুহূর্ত এবং এই সাফল্য পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আগের কোচ মার্ক রবিন্সসহ ক্লাবের কঠিন সময় পার করা সবাইকে কৃতিত্ব দেন।
এই প্রমোশনের মাধ্যমে ল্যাম্পার্ডও আবার প্রিমিয়ার লিগে ফিরছেন কোচ হিসেবে। এর আগে চেলসি ও এভারটনের দায়িত্বে ছিলেন তিনি।