logo

দে লা ফুয়েন্তের সঙ্গে রেকর্ড ছয় বছরের চুক্তি স্পেনের

দে লা ফুয়েন্তের সঙ্গে রেকর্ড ছয় বছরের চুক্তি স্পেনের
২০৩২ পর্যন্ত স্পেনের কোচ থাকছেন দে লা ফুয়েন্তে। গ্রাফিক্স: স্পেন ফুটবল ফেডারেশনের এক্স অ্যাকাউন্ট

বিশ্বকাপ জয়ের পুরস্কার পেলেন লুইস দে লা ফুয়েন্তে। স্পেন জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে চুক্তি আরও ছয় বছর বাড়িয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ ইউরো পর্যন্ত স্পেনের ডাগআউটে থাকবেন তিনি।

সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতভাবে চুক্তি নবায়নের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ফেডারেশন সভাপতি রাফায়েল লুজান পরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন।

স্পেন জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচের সঙ্গে এত দীর্ঘ মেয়াদের চুক্তি এবারই প্রথম। ফলে ২০২৮ ইউরো, ঘরের মাঠে হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ এবং ২০৩২ ইউরো, তিনটি বড় টুর্নামেন্টেই দে লা ফুয়েন্তেকে দায়িত্বে রাখার পরিকল্পনা করেছে স্প্যানিশ ফেডারেশন।

২০২২ বিশ্বকাপের পর লুইস এনরিকের উত্তরসূরি হিসেবে স্পেনের দায়িত্ব নেন দে লা ফুয়েন্তে। এরপর তার অধীনে সাফল্যের ধারায় ফিরেছে দলটি।

২০২৩ সালে উয়েফা নেশন্স লিগ জয়ের পর ২০২৪ ইউরোর শিরোপা ঘরে তোলে স্পেন। সবশেষ গত জুলাইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপও জেতে তারা। দে লা ফুয়েন্তের অধীনেই দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে স্প্যানিশরা।

বিশ্বকাপ জয়ের মাত্র দুই মাস পরই তাই দীর্ঘমেয়াদে কোচের ওপর আস্থা রাখল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

নতুন চুক্তি নিয়ে দে লা ফুয়েন্তে বলেছেন, সাম্প্রতিক সাফল্যকে তিনি শেষ নয়, বরং নতুন শুরুর অংশ হিসেবে দেখছেন। তার বিশ্বাস, স্পেনের এই দলের সামনে এখনও আরও সাফল্য অপেক্ষা করছে।

ফেডারেশন সভাপতি লুজানও জানিয়েছেন, স্থিতিশীলতা ও আস্থার ভিত্তিতে দীর্ঘমেয়াদি প্রকল্প গড়তেই দে লা ফুয়েন্তের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি করা হয়েছে।