logo

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে গুরুত্বপূর্ণ নথি

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে গুরুত্বপূর্ণ নথি
সাইবার হামলার শিকার ফিফা (ফাইল ছবি)

সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই হামলায় সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন তথ্য চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফিফার বরাতে এ তথ্য জানিয়েছে ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।

Advertisement

এদিকে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিফার প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো ত্রুটির কারণে এই হামলার ঘটনা ঘটেনি বলেই ধারণা করা হচ্ছে। বরং পরিচয় জালিয়াতি ও কর্মীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অভ্যন্তরীণ নথিতে প্রবেশাধিকার পেয়েছে অপরাধীরা।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ফিফা নিশ্চিত করছে যে, সংস্থাটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।’

অবৈধভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটি আরও বলেছে, বিশেষ করে ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আসতে পারে।

‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী অনলাইনে এই হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহেই ফিফার বিভিন্ন নথির স্ক্রিনশট প্রকাশ করেছিল গোষ্ঠীটি। তাদের দাবি, ফিফার ১২ গিগাবাইট তথ্য হাতে পেয়েছে তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিমাণ তথ্য ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের শূন্য দশমিক এক শতাংশেরও কম। নির্দিষ্ট কোনো ব্যক্তির পরিবর্তে সংস্থাটিকেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবসংক্রান্ত কোনো নথি চুরি হওয়া তথ্যের মধ্যে নেই বলে জানিয়েছে বিবিসি।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর ব্যর্থ সেই পরিকল্পনার নথি দেখার অনুমতি সম্প্রতি পেয়েছেন ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট। তবে এ জন্য তাকে গোপনীয়তা রক্ষার চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে।

চুরি হওয়া তথ্যে ঠিক কী কী রয়েছে কিংবা কতজন ব্যক্তির তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়ে ফিফা এখনো বিস্তারিত জানায়নি।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট