চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন রাফিনিয়া

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর হতাশা লুকাতে পারলেন না বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। বরং ম্যাচের রেফারিং নিয়েই সরাসরি প্রশ্ন তুললেন ইনজুরিতে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় বার্সা। দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা।
চোটের কারণে মাঠে নামতে না পারলেও দলের সঙ্গে মাদ্রিদে ছিলেন রাফিনিয়া। ম্যাচ শেষে তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ।
তিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রেফারির অনেক সিদ্ধান্তই ছিল অবিশ্বাস্য। অ্যাটলেটিকো কতগুলো ফাউল করল, অথচ কার্ডই দেখানো হয়নি।’
প্রথমার্ধে দানি ওলমোর ওপর ফাউলের ঘটনায় পেনাল্টির দাবি তুলেছিল বার্সা। যদিও নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের দিকে আঙুল না তুললেও সামগ্রিক রেফারিং নিয়েই অসন্তোষ প্রকাশ করেন রাফিনিয়া।
তার ভাষায়, ‘একটা ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু দুই ম্যাচে একই ধরনের ঘটনা? আমরা খুব ভালো খেলেছি, তবুও টাইটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।’
ম্যাচের শেষ দিকে এরিক গার্সিয়ার লাল কার্ডের পর বার্সার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে যায়। সেই সিদ্ধান্তও ক্ষোভ বাড়িয়েছে দলে।
এর আগে প্রথম লেগ নিয়েও ক্ষুব্ধ ছিল বার্সা। সেই ম্যাচের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছিল তারা, যদিও সেটি গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে।
পরিসংখ্যান বলছে, এই লড়াইয়ে পিছিয়ে ছিল না বার্সা। দুই লেগ মিলিয়ে অন টার্গেটে শট এবং প্রত্যাশিত গোলের হিসাবেও এগিয়ে ছিল তারা। তবুও ফল নিজেদের পক্ষে আনতে পারেনি।
বার্সা কোচ হান্সি ফ্লিক অবশ্য দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। তার মতে, ‘দুই ম্যাচ মিলিয়ে আমরা সেমিফাইনালে ওঠার যোগ্য ছিলাম। তবে বাস্তবতা মেনে নিতে হবে। খেলোয়াড়দের মানসিকতা ও চেষ্টা নিয়ে আমি গর্বিত।’
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও মৌসুম শেষ হয়ে যায়নি বার্সার। ইতোমধ্যে স্প্যানিশ সুপার কাপ জিতেছে তারা, আর লা লিগায় শীর্ষে রয়েছে শক্ত অবস্থানে।