logo

শিরোপা জয়ের পরও আর্সেনালকে কৃতিত্ব দিলেন এনরিকে

শিরোপা জয়ের পরও আর্সেনালকে কৃতিত্ব দিলেন এনরিকে
লুইস এনরিকে। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার পরও ফাইনালকে সহজ বলছেন না পিএসজি কোচ লুইস এনরিকে। বরং তার মতে, ম্যাচের ষষ্ঠ মিনিটে আর্সেনালের ‘ভাগ্যজড়ানো’ গোলই পিএসজির কাজ অনেক কঠিন করে দিয়েছিল।

বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে পিএসজি। ষষ্ঠ মিনিটে কাই হাভার্টজ গোল করে এগিয়ে দেন মিকেল আরতেতার দলকে। পরে দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলের পেনাল্টিতে সমতায় ফেরে পিএসজি। ১২০ মিনিটের লড়াই ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হয় প্যারিসের ক্লাবটি।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে এনরিকে বলেন, ‘ম্যাচটা তাদের (আর্সেনালের) জন্য সবচেয়ে ভালোভাবে শুরু হয়েছিল। তারা ভাগ্যজড়ানো এক ঘটনায় গোল করে। এরপর তারা চাপে পড়ে, তবে তারা জানে কীভাবে গোল ডিফেন্ড করতে হয়।’

আর্সেনালের রক্ষণকেও কৃতিত্ব দিয়েছেন পিএসজি কোচ। তার মতে, লন্ডনের ক্লাবটি শারীরিকভাবে শক্তিশালী এবং এগিয়ে যাওয়ার পর ম্যাচকে নিজেদের সুবিধার জায়গায় নিয়ে যেতে জানে। তাই দ্রুত গোল হজম করার পর পিএসজির জন্য ম্যাচে ফেরা সহজ ছিল না।

এনরিকে বলেন, ‘এটা খুব কঠিন ছিল। আমরা অনেক খেলোয়াড় বলের পেছনে রেখে আক্রমণ করতে অভ্যস্ত। কিন্তু তাদের বিপক্ষে কাজটা কঠিন, কারণ তারা শারীরিকভাবে শক্তিশালী। তারা যে কোনো পরিস্থিতি থেকে সুবিধা নিতে চায়।’

তবে শেষ পর্যন্ত পিএসজি ম্যাচে ফেরে দেম্বেলের পেনাল্টিতে। এরপর অতিরিক্ত সময়েও দুই দল গোল পায়নি। টাইব্রেকারে গ্যাব্রিয়েলের শেষ পেনাল্টি মিসে শিরোপা নিশ্চিত হয় পিএসজির। এনরিকের মতে, তার দল অন্তত ম্যাচে সমতা ফেরানোর যোগ্য ছিল।

তিনি বলেন, ‘আমরা ম্যাচে ফেরার যোগ্য ছিলাম। শেষ পর্যন্ত এই ট্রফি জিততে পেরে আমরা খুব খুশি।’

এই জয়ে চ্যাম্পিয়নস লিগ যুগে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুই মৌসুম শিরোপা জিতল পিএসজি। ব্যক্তিগতভাবেও বড় মাইলফলক ছুঁয়েছেন এনরিকে। কোচ হিসেবে এটি তার তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এই কীর্তিতে তিনি পেপ গার্দিওলা, জিনেদিন জিদান ও বব পেইসলির পাশে বসেছেন। কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতে তালিকার শীর্ষে আছেন কার্লো আনচেলত্তি।

তবে নিজেকে এখনই কিংবদন্তি বলতে রাজি নন এনরিকে। তিনি বলেন, ‘কিংবদন্তি? এসব নিয়ে আমার আগ্রহ নেই। আমার তো মাত্র তিনটি। তাই আরও উন্নতি করতে হবে। চারটি হলে ভালো হয়।’

শিরোপা জয়ের অনুভূতি নিয়ে পিএসজি কোচ বলেন, ক্লান্তি, উত্তেজনা ও আবেগ সবকিছুই একসঙ্গে কাজ করছে। তবে মৌসুমের সেরা মুহূর্ত হিসেবে এই রাতকেই দেখছেন তিনি।

এনরিকে বলেন, ‘আমরা এখনও চ্যাম্পিয়ন। টানা দুইবার, এটা অসাধারণ। আমরা এটা প্রাপ্য। পুরো মৌসুমে আমাদের সমর্থকরাও এটা প্রাপ্য ছিল।’

আর্সেনালকেও অভিনন্দন জানিয়েছেন পিএসজি কোচ। তার মতে, ফাইনালে আর্সেনাল নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগানোর চেষ্টা করেছে। তবে পিএসজি বল নিয়ন্ত্রণ, প্রেসিং এবং ধৈর্য ধরে খেলে শেষ পর্যন্ত শিরোপা জিতেছে।

এদিকে এনরিকের ভবিষ্যৎ নিয়েও ম্যাচ শেষে কথা বলেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এনরিকের বর্তমান চুক্তি আগামী মৌসুম শেষে শেষ হবে। তবে তাকে ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী পিএসজি সভাপতি।

আল খেলাইফি বলেন, এনরিকে এই প্রকল্পের জন্য সেরা কোচ। তিনি শুধু কোচ হিসেবে নন, মানুষ হিসেবেও অসাধারণ। তরুণ দল নিয়ে তিনি দুর্দান্ত কাজ করেছেন।