ইংল্যান্ড দল থেকে একসঙ্গে সরে গেলেন পাঁচজন

দীর্ঘ আন্তর্জাতিক বিরতির শুরুতেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে একসঙ্গে পাঁচ ফুটবলার জাতীয় দলের স্কোয়াড থেকে সরে গেছেন। তারা হলেন কোল পালমার, ডেকলান রাইস, মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু ও টিনো লিভ্রামেন্টো।
সোমবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন পাঁচজনের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের জায়গায় নটিংহাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট ও এভারটনের জেমস গার্নারকে দলে ডেকেছেন কোচ টমাস টুখেল।
পালমারের সরে যাওয়া ইংল্যান্ডের জন্য বিশেষভাবে হতাশার। ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর এবার আবারও টুখেলের দলে ফিরেছিলেন চেলসি তারকা। চলতি মৌসুমে চেলসির হয়ে সাত ম্যাচে চার গোল ও দুই অ্যাসিস্টও করেছেন তিনি। তবে পেশির সমস্যার কারণে এবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না।
আর্সেনালের রাইস বিশ্বকাপেও চোট নিয়েই খেলেছিলেন। এরপর চলতি প্রিমিয়ার লিগে আর্সেনালের পাঁচ ম্যাচের প্রতিটিতেই শুরু থেকে খেলেছেন তিনি। এবার বিশ্রাম ও চিকিৎসার জন্য ইংল্যান্ডের চার ম্যাচের উইন্ডো থেকে সরে দাঁড়িয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের রাশফোর্ড ও মাইনুও ফুলহামের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচের পর চোট সমস্যায় পড়েন। বিশ্বকাপ থেকেই নিতম্বের সমস্যা সামলে খেলছেন রাশফোর্ড। ফুলহাম ম্যাচে বদলি হওয়ার পর তাকে খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়। মাইনুও একই ম্যাচে ৮০ মিনিট খেলেছিলেন।
নিউক্যাসলের লিভ্রামেন্টোও চোটের কারণে এই আন্তর্জাতিক উইন্ডোয় খেলতে পারবেন না।
ইংল্যান্ড ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে নেশন্স লিগ অভিযান শুরু করবে। এরপর ২৯ সেপ্টেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্র, ৩ অক্টোবর রিয়েকায় ক্রোয়েশিয়া এবং ৬ অক্টোবর আবারও ওয়েম্বলিতে চেকদের মুখোমুখি হবে টুখেলের দল।
ফিফার নতুন সূচিতে এবার সেপ্টেম্বর ও অক্টোবরের দুটি আন্তর্জাতিক উইন্ডো একসঙ্গে হওয়ায় প্রায় তিন সপ্তাহ জাতীয় দলের সঙ্গে থাকতে হবে খেলোয়াড়দের। সেই দীর্ঘ উইন্ডোর শুরুতেই পাঁচ গুরুত্বপূর্ণ ফুটবলার হারাল ইংল্যান্ড।
