চ্যাম্পিয়নস লিগে মেসির রেকর্ড ভাঙলেন আলভারেজ

কোপা দেল রে ফাইনালে পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জবাব দিলেন জুলিয়ান আলভারেজ। আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে স্পটকিক থেকে শক্তিশালী শটে গোল করে আটলেটিকো মাদ্রিদকে ১-১ সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মেত্রোপলিতানো স্টেডিয়ামে ভিক্টর জিওকেরেসের পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে বেন হোয়াইটের হ্যান্ডবলের পর ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় আটলেটিকো। এবার দায়িত্ব নেন আলভারেজ এবং কোনো ভুল করেননি। তার জোরালো শটে সমতায় ফেরে দিয়েগো সিমিওনের দল।
গোলটি শুধু ম্যাচে ফেরার জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, ব্যক্তিগত মাইলফলকের দিক থেকেও বিশেষ। চ্যাম্পিয়নস লিগে ২৫ গোল পূর্ণ করতে আলভারেজের লাগল মাত্র ৪১ ম্যাচ। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোকেও। মেসির ২৫ গোল করতে লেগেছিল ৪২ ম্যাচ, আগুয়েরোর ৪৮ ম্যাচ।
তবে গোলের আনন্দের কিছুক্ষণ পরই দুশ্চিন্তায় পড়ে আতলেতিকো। দ্বিতীয়ার্ধে এবেরেচি এজের সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে গিয়ে ব্যথা পান আলভারেজ। তাকে বেশ অস্বস্তিতে দেখা যায়। ঝুঁকি না নিয়ে দ্রুত তাকে তুলে নিয়ে আলেক্স বায়েনাকে নামান সিমিওনে।
ম্যাচ শেষে আলভারেজের চোট নিয়ে কথা বলেন আতলেতিকো কোচ। সিমিওনে জানান, পরীক্ষার পর তার অবস্থা পরিষ্কার হবে। তবে ফিরতি লেগের আগে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে তিনি আশাবাদী।
আগামী সপ্তাহে লন্ডনে হবে ফিরতি লেগ। প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় লড়াই পুরোপুরি খোলা। তবে আটলেটিকোর জন্য সবচেয়ে বড় প্রশ্ন এখন আলভারেজের ফিটনেস। গোল করে দলকে বাঁচানো ফরোয়ার্ড ফিরতি লেগে থাকতে পারবেন কি না, সেটিই আপাতত সিমিওনের দলের বড় দুশ্চিন্তা।