logo

হামজাদের নতুন কোচের প্রথম লক্ষ্য র‌্যাংকিংয়ে উন্নতি

হামজাদের নতুন কোচের প্রথম লক্ষ্য র‌্যাংকিংয়ে উন্নতি
থমাস ডুলি। ছবি: সংগৃহীত

সকালে ঢাকায় এসে বিকেলেই বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্নের কথা শোনালেন বাংলাদেশ ফুটবল দলের নতুন হেড কোচ থমাস ডুলি। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের দায়িত্ব নেওয়া নতুন প্রধান কোচের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশকে ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শুক্রবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে ডুলিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। সেখানেই বাংলাদেশ ফুটবল নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্বকাপার।

বাফুফে আগামী দুই বছরের জন্য ডুলির হাতে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে। ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া এই সাবেক ফুটবলার জানালেন, তার প্রথম বড় লক্ষ্য র‍্যাঙ্কিংয়ে উন্নতি। বর্তমানে ১৮০-এর আশপাশে থাকা বাংলাদেশকে তিনি ১৬০ কিংবা ১৫০-এর মধ্যে দেখতে চান।

তবে লক্ষ্য বড় হলেও বাস্তবতা ভুলে যেতে চান না ডুলি। দ্রুত বদলে যাওয়ার প্রতিশ্রুতি দেননি তিনি। বরং ধাপে ধাপে এগোনোর কথাই বলেছেন। তার মতে, বাংলাদেশকে ১৬০-এর নিচে নেওয়া বাস্তবসম্মত লক্ষ্য, তবে সেটি রাতারাতি সম্ভব নয়। এক বছরের মধ্যে সেই জায়গায় পৌঁছানো সম্ভব বলে বিশ্বাস নতুন কোচের।

শুধু র‍্যাঙ্কিং নয়, বাংলাদেশের খেলার ধরনেও পরিবর্তন আনতে চান ডুলি। তার চাওয়া, বাংলাদেশ যেন শুধু প্রতিপক্ষের পেছনে দৌড়ানো দল না থাকে। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে, পরিকল্পনা নিয়ে, সাহসী ফুটবল খেলুক লাল-সবুজের দল।

২০০৩ সাফের পর বড় সাফল্য না পাওয়া বাংলাদেশ ফুটবলের সামনে তাই ডুলির অধীনে নতুন পরীক্ষা শুরু হচ্ছে। অভিজ্ঞ এই কোচ মনে করেন, উন্নতির জন্য খেলোয়াড়দের মানসিকতায় বদল জরুরি। ইতিবাচক ভাবনা, কঠোর পরিশ্রম, ত্যাগের মানসিকতা এবং ভালো ফুটবল খেলার ইচ্ছাই বাংলাদেশকে এগিয়ে নিতে পারে।