logo

এল ক্লাসিকোতে শততম গোল, এমবাপ্পের নতুন মাইলফলক

এল ক্লাসিকোতে শততম গোল, এমবাপ্পের নতুন মাইলফলক
মাত্র ১১৬ ম্যাচে ১০০ গোল করেছেন এমবাপ্পে। ছবি: গেটি ইমেজ

রিয়াল মাদ্রিদের জার্সিতে শততম গোলের মাইলফলক ছুঁতে কিলিয়ান এমবাপ্পের প্রয়োজন ছিল আর মাত্র দুটি গোল। সেই অপেক্ষা শেষ হলো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠেই। এল ক্লাসিকোতে জোড়া গোল করে রিয়ালের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন ফরাসি তারকা। তার শততম গোলেই বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে হোসে মরিনহোর দল। তবে ব্যক্তিগত এই অর্জনের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপ্পে।

রোববার (২৫ অক্টোবর) বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে লা লিগার দশম রাউন্ডের ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করেন এমবাপ্পে। ৪১তম মিনিটে তার গোলে এগিয়ে যায় রিয়াল। ৬১তম মিনিটে রাফিনিয়া বার্সেলোনাকে সমতায় ফেরালেও ৮৭তম মিনিটে আবারও গোল করেন ফরাসি ফরোয়ার্ড। এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে করা সেই গোলেই নিশ্চিত হয় রিয়ালের জয়, পূর্ণ হয় এমবাপ্পের শততম গোলের মাইলফলক।

২০২৪ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর মাত্র ১১৬ ম্যাচে ১০০ গোল করেছেন এমবাপ্পে। এর মধ্যে লা লিগায় ৬৭টি এবং চ্যাম্পিয়নস লিগে ২৫টি গোল তার। এ ছাড়া কোপা দেল রেতে চারটি, ক্লাব বিশ্বকাপে দুটি এবং উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপে একটি করে গোল করেছেন তিনি।

রিয়ালের হয়ে প্রথম মৌসুমে ৪৪ গোল করেছিলেন এমবাপ্পে। গত মৌসুমে তার গোলসংখ্যা ছিল ৪২। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ গোল করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। সব মিলিয়ে রিয়ালের জার্সিতে তৃতীয় মৌসুমের শুরুতেই পৌঁছে গেলেন তিন অঙ্কের গোলসংখ্যায়।

তবে সবচেয়ে কম ম্যাচে রিয়ালের হয়ে শততম গোল করার ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেননি এমবাপ্পে। পর্তুগিজ মহাতারকা রিয়ালের হয়ে মাত্র ১০৫ ম্যাচে ১০০ গোল করেছিলেন। সেই মাইলফলক ছুঁতে এমবাপ্পের লেগেছে আরও ১১ ম্যাচ বেশি।

রিয়ালের হয়ে এমবাপ্পের প্রথম গোলটিও এসেছিল শিরোপা নির্ধারণী ম্যাচে। ২০২৪ সালের আগস্টে আতালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে গোল করে মাদ্রিদে যাত্রা শুরু করেছিলেন তিনি। আর শততম গোলটি করলেন বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো জিতিয়ে।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অর্জন নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি খুব খুশি। সবাই জানে, গোল করতে আমার ভালো লাগে এবং এভাবে দলকে সাহায্য করতে চাই। তবে আমার কাছে আজ এই অর্জনটি কেবল একটি ছোট বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জয়। এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। সামনে আরও অনেক গোল আসবে।’

দলের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘এটা দলের জয়। আজকের ম্যাচের আসল নায়ক পুরো দল। আমরা জানতাম, মাঠে দৃঢ়তা দেখানোর পাশাপাশি দল হিসেবেও খেলতে হবে। আগের ম্যাচগুলোতে ভালো খেলেছি, জিতেছি। সেই আত্মবিশ্বাস নিয়েই এখানে এসেছিলাম। আজ নিজেদের সবটুকু দিয়েছি।’

এল ক্লাসিকোর জয় লা লিগার শিরোপা লড়াইয়েও রিয়ালকে নতুন করে আশা দেখাচ্ছে। মৌসুমে বার্সেলোনার প্রথম লিগ পরাজয়ের পর দুই দলের ব্যবধান নেমে এসেছে তিন পয়েন্টে। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মরিনহোর দল। মাঝে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেটিকো মাদ্রিদ।

আন্তর্জাতিক বিরতির পর টানা পাঁচ ম্যাচ জেতা রিয়ালের সামনে এখন সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। একটি জয়েই সন্তুষ্ট থাকতে রাজি নন এমবাপ্পে।

ফরাসি তারকা বলেন, ‘আজকের জয় ভালো একটি বার্তা দিয়েছে। কিন্তু মৌসুম শেষ হয়ে গেছে, এমনটা ভাবার সুযোগ নেই। এখনো কিছুই নির্ধারিত হয়নি। আমাদের এগিয়ে যেতে হবে।’

লা লিগা জয়ের জন্য আরও অনেক পয়েন্ট প্রয়োজন বলেও মনে করিয়ে দিয়েছেন এমবাপ্পে। তার কাছে বার্সেলোনাকে হারানো বড় অর্জন হলেও সেটি শেষ পর্যন্ত মাত্র তিন পয়েন্টের জয়।