‘সব ঠিক থাকলে থাকব’, আর্জেন্টিনা নিয়ে স্কালোনির বড় ইঙ্গিত

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল দল এখন এক নতুন যুগের সামনে। সেই পথচলায় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনিই থেকে যাবেন কি না, তা এখনও ঠিক নিশ্চিত নয়।
তবে এবার নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া কোচ বেশ ইতিবাচকই।
বেনিনকে ৩-০ গোলে হারিয়ে মেসির বিদায়ী ম্যাচ শেষ হওয়ার পর স্কালোনি বলেন, ‘সব কিছু ঠিক থাকলে আমি কোচ হিসেবেই থাকব। আর মেসি যে উত্তরাধিকার (লেগ্যাসি) রেখে যাচ্ছে, সেটা অবিশ্বাস্য। সেটাই আমি সঙ্গে নিয়ে যাব। মাঠে এমন আর কিছু হবে না। আমরা ওর কাছে চিরকৃতজ্ঞ।’
স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি করেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, বর্তমান চুক্তি শেষ করে এরপর কী করবেন, তা নিয়ে ভাবতে চান।
এরপর অবশ্য পরিস্থিতি বদলাতে শুরু করে। সেপ্টেম্বরে স্কালোনির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। এএফএও পরে তাপিয়া ও স্কালোনির আলোচনার একটি ছবি প্রকাশ করে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করে।
গত ২৯ সেপ্টেম্বর স্কালোনিও বলেছিলেন, আর্জেন্টিনা দলের দায়িত্বে থাকার ইচ্ছা তার আছে। তবে কখন সিদ্ধান্ত জানানো হবে, সে বিষয়ে তখন কোনো সময়সীমা দেননি।
মেসির বিদায়ী ম্যাচের পরও একই সতর্কতা রেখেছেন তিনি। ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্কালোনি বলেছেন, ‘এখনও কোনো নতুন খবর নেই।’
তবে শুধু নিজের ভবিষ্যৎ নয়, মেসিকে ছাড়া আর্জেন্টিনার সামনে কী অপেক্ষা করছে, সেটিও উঠে এসেছে স্কালোনির কথায়।
মেসিহীন পথ যে সহজ হবে না, সেটি আড়াল করেননি তিনি। স্কালোনি বলেন, ‘কঠিন হবে। ও নিজেও সেটা বলেছে। গত কয়েক বছরে আমরা যা পেয়েছি, সেটা স্বাভাবিক কিছু নয়। কঠিন সময় আসতে পারে। আমরা তার জন্য প্রস্তুত।’
নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে আবারও শক্তিশালী দল তৈরির বিশ্বাস আছে তার। কিন্তু মেসির জায়গাটি যে শুধু আরেকজন ভালো ফুটবলার দিয়ে পূরণ করা সম্ভব নয়, সেটিও স্পষ্ট করেছেন আর্জেন্টিনা কোচ।
‘আমরা নতুন ছেলেদের নিয়ে দারুণ একটা দল গড়তে পারি। কিন্তু ওর মতো সেই আবহ আমি আর কারও মধ্যে দেখিনি। ও যা তৈরি করত, সেটি আর থাকবে না। আমাদের নতুন উপায় খুঁজতে হবে, কিন্তু সেই অনুভূতিটা থাকবে না।’
২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনেই বদলে যায় দলটির সাম্প্রতিক ইতিহাস। তার সময়ে আর্জেন্টিনা জিতেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমা। ২০২৬ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল তারা, যদিও স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি।
