Advertisement

প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হলেন ব্রুনো ফার্নান্দেস

এশিয়া পোস্ট স্পোর্টস
প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হলেন ব্রুনো ফার্নান্দেস
ব্রুনো ফার্নান্দেস। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডকে আবার চ্যাম্পিয়নস লিগে ফেরানোর পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্রুনো ফার্নান্দেস। সেই পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন পর্তুগিজ মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।

Advertisement

প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ব্রুনো। ইউনাইটেডকে লিগ টেবিলের তৃতীয় স্থানে তুলতে বড় ভূমিকা রেখেছেন ৩১ বছর বয়সি এই মিডফিল্ডার। গোল করেছেন ৮টি, অ্যাসিস্ট করেছেন ২০টি।

এই ২০ অ্যাসিস্ট তাকে বসিয়েছে প্রিমিয়ার লিগ ইতিহাসের দুই বড় নাম থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার পাশে। এক মৌসুমে ২০ অ্যাসিস্টের রেকর্ড এত দিন যৌথভাবে ছিল সাবেক আর্সেনাল ফরোয়ার্ড অঁরি ও ম্যানচেস্টার সিটির ডি ব্রুইনার দখলে। মৌসুমের শেষ ম্যাচ হাতে রেখেই সেই রেকর্ড ছুঁয়েছেন ব্রুনো।

রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে তার সামনে সুযোগ থাকবে রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার। আর একটি অ্যাসিস্ট করলেই প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক হয়ে যাবেন ইউনাইটেড তারকা।

শুধু অ্যাসিস্ট নয়, সুযোগ তৈরির হিসাবেও এই মৌসুমে বাকিদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন ব্রুনো। লিগে সর্বোচ্চ ১৩২টি সুযোগ তৈরি করেছেন তিনি। এই তালিকায় তার কাছাকাছিও কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের ডমিনিক সোবোসলাই তৈরি করেছেন ৮৯টি সুযোগ।

বর্ষসেরার দৌড়ে ব্রুনোর সঙ্গে ছিলেন আর্সেনালের শিরোপাজয়ী দলের গ্যাব্রিয়েল, ডেভিড রায়া ও ডেকলান রাইস। ছিলেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড ও আন্তোইন সেমেনিয়ো, নটিংহাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোও। শেষ পর্যন্ত তাদের পেছনে ফেলেই পুরস্কার জিতলেন ব্রুনো।

এ মাসের শুরুতে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারও পেয়েছিলেন ব্রুনো। ম্যানচেস্টার ইউনাইটেডের স্যার ম্যাট বাসবি প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন পঞ্চমবারের মতো। এবার যোগ হলো প্রিমিয়ার লিগের মৌসুমসেরার স্বীকৃতি।

এদিকে প্রিমিয়ার লিগের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির নিকো ও’রাইলি। ২১ বছর বয়সি এই ফুটবলার সিটির একাডেমি থেকে উঠে এসে এবারের মৌসুমে পেপ গার্দিওলার দলে নিয়মিত জায়গা করে নিয়েছেন। মূলত লেফটব্যাক হিসেবে খেললেও মাঝমাঠেও ব্যবহার করা হয়েছে তাকে।

লিগে ৩৪ ম্যাচ খেলেছেন ও’রাইলি, যার ২৯টিতেই ছিলেন শুরুর একাদশে। করেছেন ৫ গোল, সঙ্গে ৩ অ্যাসিস্ট। এই মৌসুমের পারফরম্যান্স তাকে ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও জায়গা এনে দিয়েছে।

পুরস্কার জিতে ও’রাইলি বলেছেন, সিনিয়র ফুটবলে আগের মৌসুমে প্রথম কয়েকটি ম্যাচ খেলার পরই তিনি বুঝেছিলেন, কঠোর পরিশ্রম করলে এবার আরও বেশি সুযোগ আসতে পারে। এত মিনিট খেলা এবং কোচ ও সতীর্থদের আস্থা অর্জনকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন সিটির তরুণ ফুটবলার।

প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হলেন ব্রুনো ফার্নান্দেস