ছাদখোলা বাসে চড়ে হাতিরঝিলের পথে রোনানরা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। বিমানবন্দরে পা রাখার পর থেকেই যেন উৎসবের আবহ। আর সেই উদযাপনকে আরও বড় করে তুলতেই ছাদখোলা বাসে চড়ে হাতিরঝিলের সংবর্ধনায় যাচ্ছে রোনান-মিঠুরা।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফুল দিয়ে দলকে বরণ করেন তিনি। অধিনায়ক মিঠু চৌধুরীর হাতে তুলে দেন শুভেচ্ছার তোড়া।
বাফুফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সেখানে। দেশের ফুটবলে এই সাফল্য উদযাপন করতে সবার চোখেমুখেই ছিল গর্ব আর আনন্দের ছাপ।
বিমানবন্দর থেকেই শুরু হচ্ছে চ্যাম্পিয়নদের বিশেষ যাত্রা। বাংলাদেশ দলের ছবি দিয়ে সাজানো ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে বাস যাবে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের দিকে, যেখানে অপেক্ষা করছে আনুষ্ঠানিক সংবর্ধনা।
এরই মধ্যে হাতিরঝিল প্রস্তুত করা হয়েছে আলো আর সাজসজ্জায়। সমর্থকদের অংশগ্রহণে সেটি রূপ নেবে এক উৎসবমুখর মিলনমেলায়।
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জেতা এই দল দেশের ফুটবলে নতুন আশার আলো দেখিয়েছে। সেই অর্জনকে ঘিরেই আয়োজনের কোনো কমতি রাখেনি বাফুফে।
মেয়েরা কয়েকবার পেলেও এই প্রথম বয়সভিত্তিক পুরুষ দল ছাদখোলা বাসে এমন সংবর্ধনা পাচ্ছে।