ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তুরস্কের একজন সংসদ সদস্যও বিষয়টি প্রকাশ্যে জানিয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইসলাম গ্রহণের বিষয়ে কার্লোস নিজে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। খবর গোল.কমের।
আলোচনার সূত্রপাত তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্ট থেকে। ব্রাজিল সফরে দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কার্লোসের ইসলাম গ্রহণের কথা জানান তিনি।
শাহিনের ভাষ্য অনুযায়ী, সাও পাওলোতে মুসলিম সম্প্রদায়ের পরিচিত নেতা শেখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে তার বৈঠক হয়। সেখানেই হাম্মাদেহ তাকে জানান, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে কার্লোস তার সঙ্গে দেখা করেন এবং সেই সাক্ষাতে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করেন হাম্মাদেহ।
Brezilya’da İslam Toplumları Temsilcileri İle Bir Araya Geldik
— Ali ŞAHİN (@AliSahin501) August 17, 2026
Efsane Futbolcu Roberto CARLOS Müslüman Oldu…
Brezilya’nın São Paulo şehrinde yaşayan ve İslam coğrafyasının en etkili 500 isminden biri olarak gösterilen Sheikh Jihad Hammadeh ile Brezilya İslami Hayırsever… pic.twitter.com/usYFJXdpgZ
এরপর কার্লোসকে অভিনন্দনও জানান তুর্কি সংসদ সদস্য শাহিন। তার পোস্টের পর তুরস্কের একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে। তুরস্কে কার্লোসের জনপ্রিয়তাও অনেক। খেলোয়াড়ি জীবনের শেষ দিকে ফেনারবাহচের হয়ে খেলেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত দাবিটির সরাসরি উৎস রবার্তো কার্লোস নন। কার্লোস নিজে কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা চলছে। মরক্কান বংশোদ্ভূত সুহাইলা তাহিরির সঙ্গে তার বিয়ের ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই ইসলাম গ্রহণের খবরটিও ব্যাপকভাবে ছড়াতে শুরু করে। তবে বিয়ের সঙ্গে ধর্ম পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে, এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
৫৩ বছর বয়সী কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফটব্যাক হিসেবে বিবেচিত। রিয়াল মাদ্রিদের হয়ে ৫২৭ ম্যাচে ৬৮ গোল করেছেন তিনি। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিনটি ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ এবং চারটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জিতেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কার্লোস। শক্তিশালী শট, দুর্দান্ত গতি এবং বাঁ পায়ের অবিশ্বাস্য ফ্রি-কিকের জন্য ফুটবল ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।



